ধুনটে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে মহিলা আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ

বগুড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মহিলা আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দুই নেত্রী।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার ধুনট উপজেলা পরিষদ সড়কের একটি খাবার হোটেলে সামনে এ সংঘর্ষ হয়। এর আগে সোমবার রাতে দু’পক্ষে ধাক্কাধাক্কিও হয়।

সংঘর্ষে আহতরা হলেন, ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিপি আকতার (৩৮) ও মহিলা আওয়ামী লীগের কর্মী কাউসার জাহান কেয়া (৩০)। আহতদের মধ্যে লিপিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কেয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে দু’পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিভিন্ন কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে মুজিব চত্বর এলাকায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলাদা করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে মহিলা আওয়ামী লীগের সভাপতির পক্ষের নেত্রী লিপি আকতার উপজেলা পরিষদ চত্বরে একটি হোটেলে খাবার খেতে বসেন। এ সময় সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী কাউসার জাহান কেয়া ওই হোটেলে ঢুকে লিপি আকতারকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে লিপি ও কেয়ার মাঝে সংঘর্ষে তারা দুজন আহত হন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিশৃঙ্খলা ঘটে। তারই জের ধরে লিপিকে হোটেলের ভেতর মারধর করেছে কাউসার জাহান কেয়া।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান বলেন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে লিপি আকতার আমাদের ফুলের মালা ছিঁড়ে ফেলে। এ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কেয়াকে মারধর করেছে লিপি আকতার।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।