সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে

‘এখন আমি একটু বুড়ো হয়ে এসেছি’

চন্ডিকা হাথুরুসিংহে ফের টাইগারদের কোচ হয়ে এসেছেন। কাল মিরপুরে অনুশীলনে দলের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হয়নি তার। সে নিয়ে অধীর আগ্রহে ছিলেন সংবাদকর্মীরা। অবশেষে আজ কথা বললেন এই শ্রীলঙ্কান। জানালেন, তিনি এখন বুড়ো হয়েছেন, বাংলাদেশের ক্রিকেটকেও আগের চেয়ে ভালো জানেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আজ বেলা আড়াইটায় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি জানিয়েছেন নিজের ফিরে আসার কারণ জানিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের কোচ হিসেবে আমি আগের কাজের তুলনায় এখন আরও বেশি অভিজ্ঞ। কারণ এখন আমি এ দেশের ক্রিকেট সম্পর্কে ভালো জানি। আমি টাইগারদের ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এটা শুধু আমিই নই, স্থানীয় কোচদেরও অবদান আছে। তারা বছরের পর বছর ভালো কাজ করে যাচ্ছেন।’

এমন কূটনৈতিক উত্তরের পরে হাথুরুসিংহে একটু রসিকতাই যোগ করলেন। বললেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার আগের মেয়াদের সঙ্গে এবার কোনো পরিবর্তন আছে কি না! তাহলে আমি বলব, এখন আমি একটু বুড়ো হয়ে আবার বাংলাদেশের কোচ হয়ে এসেছি।’

এই উত্তরের পর অট্টহাসিতে ফেটে পড়লেন হাথুরুসহ উপস্থিত গণমাধ্যমকর্মীরাও।