বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
আন্তর্জাতিক এই আয়োজনের ভেন্যু পার্টনার হিসেবে থাকছে এবিজি স্পোর্টস সিটি। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।
এই আসরে অংশ নেবে এশিয়ার পাঁচ দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) আয়োজন করছে এই প্রতিযোগিতা।
আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে এরই মধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবিজি স্পোর্টস সিটি। সম্প্রতি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ। এর আগে মালয়েশিয়া ক্রিকেট দলও এই মাঠে খেলেছে। এবার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে ক্রীড়া কমপ্লেক্সটি।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা শুধু ক্রিকেটীয় লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না বরং খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তাও ছড়িয়ে দেবে। অন্যদিকে টাইটেল স্পন্সর এসবিজি মনে করে, এ ধরনের আয়োজন দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভা ও সামর্থ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে বাংলাদেশের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখবে এই এশিয়া কাপ।