পরিবেশ ও জলবায়ু পরিবর্তন  বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম

পরিবেশ দূষণ রোধে ঢাকার সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ‘ফেলে দেয়া’ প্লাস্টিক সামগ্রী জমা দিয়ে উপহার হিসেবে পেয়েছে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব উপহার। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্কুল শুরুর আগেই নিজেদের বাসা ও স্কুলের আশপাশ থেকে অব্যবহৃত প্লাস্টিকের বোতল নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা।

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি ও গ্লোবাল শেপার্স ঢাকা হাব এর উদ্যোগে শিক্ষার্থীদের কাছ থেকে এসব প্লাস্টিকের বিনিময়ে দেয়া হয় রং-বেরংয়ের মাটির তৈরী শোপিস এবং পরিবেশের বন্ধু গাছ। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী জমা দেয় ১০ কেজি প্লাস্টিক।

সরেজমিনে আয়োজনস্থলে গিয়ে দেখা যায় প্লাস্টিক সংগ্রহের জন্য নির্মিত অস্থায়ী বুথে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সবার হাতে ব্যাগ ভর্তি প্লাস্টিক সামগ্রী। বেশীরভাগই প্লাস্টিকের বোতল। এগুলো জমা দিয়ে যার যার পছন্দমতো বিভিন্ন মাটির তৈরী ব্যাংক, শোপিস এবং গাছ নিচ্ছে শিশু শিক্ষার্থীরা।

৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তন্বী বলেন, লাল সবুজ সোসাইটির ভাইয়া আপুরা আমাদের স্কুলে পরিবেশ দূষণ রোধে বিভিন্ন কাজ করছে। তাদের মাধ্যমে আমরা জানতে পারি এই ওয়ান টাইম প্লাস্টিক আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। আজ প্লাস্টিকের বোতল জমা দিয়ে গিফট পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরাও প্লাস্টিক দূষণ রোধে এখন থেকে কাজ করবো।

লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবক সেতু বলেন, একটি প্লাস্টিকের বোতল ৪০০ বছরেও পঁচেনা। যা পরিবেশের জন্য মারাত্বক হুমকি। শৈশব থেকে তাদের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দিতে চেষ্টা করছি। আমরা চলে যাবার পরও যেন শিক্ষার্থীরা পরিবেশ নিয়ে কাজ করে সেজন্য একটি ক্লাইমেট সেশন নিয়েছি আমরা। সম্পৃক্ত করেছি শিক্ষকদেরও।

প্রজেক্ট এর ফোকাল পয়েন্ট লাল সবুজ সোসাইটির বিনীতা বলেন, এখন থেকে যদি শিশুরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে তবেই আমরা আমাদের কার্যক্রমের সফলতা অর্জন করতে পারবো।

প্রসঙ্গত,এলএসএস জিএস প্লাস্টিক মার্কেট ঢাকা ডিভিশনের ৩ টি জেলার (ঢাকা,নারায়ণগঞ্জ এবং গাজীপুর) মোট ৫ টি বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করছে লাল সবুজ সোসাইটি (এলএসএস)। এতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে গ্লোবাল শেপার্স ঢাকা হাব। উক্ত ক্লাইমেট একশন ইভেন্টে আমাদের সাথে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ ক্যাপ্টেন সাব্বির । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের হেড অফ অ্যাডমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।আরও উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির ঢাকা শাখার সদস্যবৃন্দরা।