হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারী নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

রাজধানীর হাজারীবাগ বটতলায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পারভিনের মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও পারভিনের খালাতো বোন ফরিদা বেগম (৫০)।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বটতলা মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত উর্মিকে ঢাকা মেডিকেলে ও ফরিদাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, একটি বাসায় বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে পারভিন নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুইজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়েছিল। তারা জানিয়েছে, বাসার গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, আহত ফাতেমা আক্তার উর্মি জানান, বটতলায় একটি ৬ তলা বাড়ির ২য় তলায় ভাড়া থাকেন তারা। ঘটনার সময় তিনি বাসায় ঘুমিয়েছিলেন। হঠাৎ বিস্ফোরণে তার ঘুম ভাঙ্গে। রুম থেকে দৌড়ে বেরিয়ে দেখেন, বাসার দেয়াল, জানালার গ্লাস ভেঙে গেছে।

তিনি আরও জানান, রুমের ভিতর মধ্যে কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিলেন। এর পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আদতেও কি থেকে বিস্ফোরণ ঘটেছে, সেটি নিশ্চিত নন তিনি।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত