আনন্দ হাউজিং ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানারআপ এভারগ্রিন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬-এর ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে টিম ডমিনেটরস। ফাইনালে টিম এভারগ্রিনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে দলটি।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন ময়দান মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের হয়ে আশিক মাহমুদ ও ইশতিয়াক ইমন গোল করেন। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইশতিয়াক ইমন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মোজাম্মেল হক। এ সময় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ উপস্থিত ছিলেন।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে তরুণ প্রজন্মকে আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এ জন্য দেশের সর্বস্তরে ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার। শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে সাংবাদিকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মোজাম্মেল হক বলেন, গণমাধ্যমের ব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের খেলাধুলার চর্চা অন্য পেশাজীবীদের উৎসাহিত করে।

সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল বলেন, ক্র্যাব সদস্যরা সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে সমাজকে সচেতন করতে কাজ করছেন। যুবসমাজকে মাদকমুক্ত রাখতেও তাঁরা ভূমিকা রাখছেন।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, খেলাধুলার চর্চার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সামাজিক পরিবর্তনে অংশীদারত্ব বাড়াতে হবে।

এবারের টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত