চট্টগ্রামের হাটহাজারীতে আহমদ হোসেন চৌধুরী (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে এক সপ্তাহ আগে উপজেলার ফরহাদাবাদের মন্দাকিনী গ্রামে এ ঘটনা ঘটলেও ওই মুক্তিযোদ্ধাকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।
হাটহাজারী থানার ওসি রুহুল আমিন আজ রাতে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত নাহিদা সুলতানা নামে এক নারীকে গ্রেপ্তার করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। ওই বীর মুক্তিযোদ্ধার জায়গা দখল করে নির্মিত দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ওসি রুহুল আমিন আরো জানান, জমিজমা নিয়ে লোকমান হাকিম নামে এক প্রতিবেশীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনার জের ধরে কয়েকজনকে নিয়ে লোকমান হাকিম বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ সময় তার জায়গা দখল করে দেয়ালও নির্মাণ করে তারা। স্থানীয় গণ্যমান্যরা এ ঘটনায় জড়িতদের বিচার করবেন বলে আশ্বাস দিলে থানায় আর অভিযোগ করেননি তিনি।
এ দিকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের নজরে আসে।
হাটহাজারীর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একজন মুক্তিযোদ্ধাকে এভাবে নির্যাতন করার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তারা।