সরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার বিষয়ে একটি খসড়া নীতিমালা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত এ-সংক্রান্ত কমিটি। নীতিমালার খসড়ায় চিকিৎসকদের সর্বোচ্চ ফি ৩০০ ও সর্বনিম্ন ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আগামী ১ মার্চ থেকে ঢাকায় ও আগস্টের মধ্যে সারা দেশের সরকারি হাসপাতালে এই ব্যবস্থা চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
তবে এই খসড়া নীতিমালার কিছু প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কমিটির কয়েকজন সদস্য। তারা সর্বোচ্চ ৬০০ ও সর্বনিম্ন ৩০০ টাকা নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। তারা আরও বলেছেন, তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে সব দিক বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা উচিত; বিশেষ করে তারা আগামী জাতীয় নির্বাচনের পর এই উদ্যোগ বাস্তবায়নের পক্ষে। তারা মনে করছেন, এই উদ্যোগে চিকিৎসকরা অসন্তুষ্ট হলে মানুষের কাছে সরকারের ব্যাপারে ভুল বার্তা যাবে এবং নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কমিটি এ পর্যন্ত দুটি বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন সদস্য দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
সরকারি হাসপাতালে চিকিৎসকদের ‘ব্যক্তিগত চেম্বার’ চালুর বিষয়ে গত ২২ জানুয়ারি একটি কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমানকে কমিটির প্রধান করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের পেশাজীবী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এবং সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকদের নিয়ে গঠিত এই কমিটির সদস্যসংখ্যা ২৬।
কমিটি ব্যক্তিগত চেম্বার পরিচালনায় ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ নামের একটি খসড়া নীতিমালা তৈরি করেছে এবং এখন পর্যন্ত দুটি বৈঠক করেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কমিটির আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে গত দুই দফায় সদস্যদের মধ্য থেকে আসা বিভিন্ন মত নিয়ে আলোচনা করা হবে বলে কমিটির এক সদস্য জানিয়েছেন। এ ব্যাপারে কমিটির প্রধান সাইদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘নীতিমালা এখনো খসড়া পর্যায়ে আছে। বিষয়টি নতুন। সময় লাগবে চূড়ান্ত হতে। এখন এ ব্যাপারে কিছুই বলা যাবে না।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘এখনো চিকিৎসকদের ফি নির্ধারণ হয়নি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরও বসব। সবার মত নেব। সবকিছু ঠিক করতে সময় লাগবে। এখন পর্যন্ত মন্ত্রী মহোদয়ের কথা অনুযায়ী মার্চ থেকে শুরু করার চিন্তাভাবনা আছে। শেষ পর্যন্ত কী হয়, দেখা যাক।’
খসড়া নীতিমালায় প্রস্তাব করা হয়েছে, এসব চেম্বারে চিকিৎসকরা বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন। রোগীদের আগে থেকেই সিরিয়াল নিতে হবে না। তবে হাসপাতালে এসে টিকিট কাটতে হবে।
কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, এ ধরনের চেম্বারে বসার ব্যাপারে কোনো চিকিৎসককে বাধ্য করা হবে না। তারা এখানে রোগী দেখার পর হাসপাতালের বাইরে তাদের চেম্বারেও রোগী দেখতে পারবেন।
এসব চেম্বারে আসা রোগীরা ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাও করাতে পারবেন এবং এ জন্য সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের পরীক্ষাগার খোলা থাকবে। এ জন্য তাকে সরকার নির্ধারিত পরীক্ষা ফি দিতে হবে। চেম্বারে একজন অধ্যাপক সপ্তাহে দুই দিন, সহযোগী অধ্যাপক দুই দিন ও সহকারী অধ্যাপক দুই দিন রোগী দেখবেন।
তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানান কমিটির সদস্য বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি গতকাল বুধবার দেশ রূপান্তরকে বলেন, ‘চিকিৎসকদের ফি নির্দিষ্ট হয়নি। জুনিয়র চিকিৎসকদের জন্য ৩০০ হতে পারে এবং সিনিয়র অভিজ্ঞদের জন্য ৬০০ টাকা। আরেকটু চিন্তাভাবনা করে ঠিক করা দরকার। জুনিয়র চিকিৎসকরা বাইরে চেম্বার করেন। বাইরে তারা যেটা নেন, এখানেও সে রকমই করতে হবে। যাতে এটা নিয়ে কারও মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়। আমরা মনে করি হিসাব করে করা উচিত। এখন অনেক তরুণও অধ্যাপক হয়েছেন। অধ্যাপকদের মধ্যে যারা অভিজ্ঞতাসম্পন্ন তাদের একটা আলাদা ফি নির্ধারণ করা উচিত। সরকার যদি এ রকম চিন্তা করে, তাহলে ভালো হবে।’
খসড়া নীতিমালার প্রাথমিকভাবে প্রস্তাবিত কিছু বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাইরের কয়েকজন সদস্য। তারা নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা মত দিয়েছি এই সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের পর বাস্তবায়নের। এখন এগুলোর দরকার নেই।’
চিকিৎসকদের ফির ব্যাপারে এসব সদস্য বলেন, আমাদের যে জুনিয়র চিকিৎসকরা, তারা তাদের চেম্বারে ফি নেন ৫০০ টাকা। সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক দেখলে তার ফি অবশ্যই বাড়াতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ফি নির্ধারণ করতে হবে।
এই সদস্যরা সর্বশেষ বৈঠকে বলেন, এখন বারডেম করছে। তাদের আরও সক্রিয় করতে বলেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয় সপ্তাহে মাত্র দুই দিন করে। সপ্তাহে ওদের ছয় দিন করতে বলেন। তা হলে মানুষের আগ্রহ আসবে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হোক। পরে ধাপে ধাপে সারা দেশে করেন। ঢাকা শহরের সরকারি হাসপাতালে চালু করতে করতে জাতীয় নির্বাচন চলে আসবে। পরে দেশের অন্যান্য স্থানে শুরু করা যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করল। পরে এগুলো চালু করলে মানুষ সেটা আরও ভালোভাবে নেবে। এগুলো যদি আগেই ঘোষণা দিয়ে দেওয়া হয়, তাহলে চিকিৎসকদের মধ্যে ভিন্ন ধারণা জন্ম নিতে পারে। তাতে হিতে বিপরীত হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি পরে করেন। আমলারা বাস্তবতার সঙ্গে থাকেন না।’