লক্ষ্মীপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত

মাছঘাট দখল নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে মিয়ারহাট এলাকার ওই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। নিহত রাসেল হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। রাসেলের মৃত্যুর খবরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মাছঘাট দখল, ভাগবাটোয়ারা ও আধিপত্যা বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল এবং ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলামের মধ্যে। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা লেগেই থাকে। গতকাল সকালে মিয়ারহাটের মাছঘাটে নজরুল ইসলামের ভাই বাবুল ব্যাপারীর সঙ্গে শাহজালাল রাহুলের মাছঘাটের ম্যানেজার ফারুক কারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় নজরুলের সমর্থক মনির হোসেন ব্যাপারীর ছেলে রাসেলসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাসেল।

পুলিশ জানায়, রাসেলের মৃত্যুর খবরের পরই শাহজালাল রাহুল ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহজালাল রাহুল, রাকিব, সুমন ও মিনহাজুল ইসলাম নামের চারজনকে আটক করা হয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা বলেন, ‘শাহজালাল রাহুল ও নজরুল ইসলাম দুজনই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। শুনেছি মাছঘাট দখল নিয়ে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।’ 

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রায়পুর ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি জানান, শাহজালাল রাহুলসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের পরিস্থিতিও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।