বিবৃতিতে ফখরুল

আ.লীগের বেপরোয়া দৌরাত্ম্য শহর থেকে গ্রাম সর্বত্রই

আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার দেশকে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করেছে।’ গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য। মহান শহীদ দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠান পালন করতে গিয়েও বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই মহান দিনেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও অমানুষিক হামলা-নির্যাতন বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘মহান শহীদ দিবসের মতো পবিত্র দিনে সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ফেনীতে বিএনপির ১২ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি নেতাকর্মীদের বহন করা ফুলের তোড়াও কেড়ে নিয়ে ভেঙে ফেলে। ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশকে যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করেছে। শুধু ফেনী নয়, মহান দিবসের অনুষ্ঠান পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে।’ বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছে।