ক্যাম্পে গোলাগুলি ২ রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ উম্মে হাফসা (১১) ওই ক্যাম্পের এফ-ব্লকের ওবায়দুল হকের মেয়ে এবং আবুল ফয়েজ (৮) একই ক্যাম্পের আবদুল খালেকের ছেলে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উম্মে হাফসার কোমরে এবং আবুল ফয়েজের ডান পায়ে গুলি লেগেছে। তাদের কুতুপালংয়ে এমএসএফ পরিচালিত হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশিদ ঘটনার পর সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গুলি বিনিময় হয়েছে। গোলাগুলিতে অংশ নেওয়া গ্রুপ দুটি ‘আরসা’ এবং ‘আরএসও’ নামে পরিচিত। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।