ঘুম থেকে উঠে চা নয়, কফিতেই চুমুক দিতে পছন্দ করেন কেউ কেউ। কলেজশেষে চায়ের আড্ডার পরিবর্তে কফি শপে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে বেশি উৎসাহী তরুণ প্রজন্ম। তাই শহরজুড়ে কফি শপগুলোর ব্যবসা বাড়ছে।
কারো পছন্দ নিখাদ কালো কফি, কেউ আবার পছন্দ করেন কোল্ড কফি খেতে। কিন্তু কফিতে অলিভ অয়েলের স্বাদ পেলে কেমন হবে, ভেবে দেখেছেন কি? এবার গ্রাহকদের জন্য অলিভ অয়েলের কফি আনল 'স্টারবাক্স'। আপাতত ইতালিতেই শুধু মিলছে নতুন স্বাদের এই কফি। ক'দিনের মধ্যে আমেরিকাতেও পাওয়া যাবে। তবে উপমহাদেশে কবে রাখবে এই নতুন স্বাদের কফি, তা ওই সংস্থার পক্ষ থেকে কিছু বলা হয়নি।
সামনের এপ্রিল মাসেই স্টারবাক্সের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হাওয়ার্ড শুলৎজ। তার অবসর নেওয়ার আগেই নতুন কফির প্রচলন করলেন হাওয়ার্ড। ইতালির ২০টি স্টোরেই 'ওলিয়াতো' নামে অলিভ অয়েল মিশ্রিত এই কফি পাওয়া যাচ্ছে।
ঠাণ্ডা এবং গরম, দুই ধরনেই মিলবে ওলিয়াতো। এই কফির স্বাদ কেমন হবে? হাওয়ার্ড শুলৎজ বলেন, 'এ কফির স্বাদ যখন প্রথমবার আমি চেখে দেখেছিলাম, তখন আমি বেশ অবাক হই। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের সঙ্গে সাধারণ কফির স্বাদ মিশে খুবই সুস্বাদু পানীয় তৈরি হয়েছে। মাখনের মতো এই পানীয় স্বাদে অনবদ্য। একবার এ কফি খেলে মুখে লেগে থাকবে অনেকক্ষণ।'