সৌদিতে সাড়া পাচ্ছেন দেশের ব্যবসায়ীরা

সৌদি আরবের রিয়াদে তিনদিনব্যাপী বাংলাদেশি পণ্যের মেলা ‘প্রোডাক্টস এক্সিবিশন’ শুরু হয়েছে। এতে সাড়া পাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। গত বুধবার  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রোডাক্টস এক্সিবিশনের উদ্বোধন করেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, রিয়াদের ক্রাউন প্লাজা আয়োজিত মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ মোট ২৫টি স্টল অংশ নিয়েছে।

মেলা উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সৌদি আরবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বিশাল বাজার রয়েছে। এখানে বসবাসরত প্রায় ২৮ লাখ বাংলাদেশির পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসী ও সৌদি আরবের নাগরিকদের কাছে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে দূতাবাসের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।