রাজনৈতিক প্রতিহিংসায় ছাত্রলীগের তাণ্ডব

রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠাবো এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় এবং ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তবে ছাত্রলীগের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আওয়ামী লীগ নেতা ও ভুলতা ইউপির সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা বলেন, ‘রূপগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত। তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিকেল সাড়ে ৩টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিন আহমেদ খান রিয়াজের নেতৃত্বে রাশেদ, আলামিন, আলিফ, আলিনুর, মাসুদ, শরীফসহ ৩৫-৪০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে আমার মিঠাবোর বাড়ির সামনে অবস্থান নেয়। পরে অকথ্য ভাষায় গালাগাল এবং একপর্যায়ে ৫-৬ রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এরপর তারা বাড়িতে ঢুকে আমার স্ত্রী হোসনেয়ারা বেগমের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি কেড়ে নেয়। পরে আলমারিতে থাকা ১১ লাখ টাকা ও আট ভরি স্বর্ণ লুট করে। এ সময় টেলিভিশনসহ ঘরে আসবাবপত্র ভাঙচুর করে এবং হত্যার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায় তারা।’

তিনি আরও বলেন, ‘আমি তো নৌকার রাজনীতি করি। আরেকটি পক্ষের সঙ্গে রাজনীতি করি বলে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

আবু দাউদ মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী হাটাবো বাজারে থাকায় প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালিয়েছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিন আহমেদ খান রিয়াজ বলেন, ‘আমরা হাটাবোর একটি প্রোগ্রামে মিছিল দিয়ে শোডাউন করতে করতে যাচ্ছিলাম। আবু দাউদ মোল্লার বাড়ির সামনে আমরা থেমেছিলাম এবং সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করেছি। কোনো গুলি, হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটেনি। ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য এ ধরনের ঘটনা সাজানো হয়েছে।’

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।