মুদ্রায় যুদ্ধাপরাধ বিরোধী বার্তা

ছোট্ট একটা স্মারক ব্যাংক নোট। একপাশে ইউক্রেনের তিন যোদ্ধা জাতীয় পতাকা উঁচু করে ধরে আছে। অন্যপাশে রয়েছে পিছমোড়া করে বাঁধা দুটি হাতের ছবি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রথম বছর পূর্তিতে এমন অবয়বের স্মারক ব্যাংক নোট উন্মোচন করল ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক ২০ ইউক্রেনীয় রিভনিয়ারের (স্থানীয় মুদ্রা) নোট উন্মোচন করে। এই নোটের মাধ্যমে রাশিয়ার যুদ্ধাপরাধের কথা তুলে ধরতে চেয়েছে কিয়েভ। যদিও মস্কো বরাবর যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে এসেছে।

ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে বের হওয়া স্মারক নোটে পুরো এক বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু ও প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন স্মারক নোটের নকশা করা ও নোটটি পুরোপুরি প্রস্তুত করতে প্রায় আট মাস সময় লেগেছে বলেও জানান গভর্নর আন্দ্রেই পাইসনি। শিগগিরই নতুন করে তিন লাখ ব্যাংক নোট বাজারে ছাড়া হবে। যুদ্ধের মধ্যে দেশের অর্থনীতিকে চলমান রাখতে এবং বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে কঠোর পরিশ্রম করছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভ দখলের স্বপ্ন নিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। কিন্তু তার সেই স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে। পশ্চিমাদের দাবি, এ যুদ্ধে রাশিয়ার তেমন উল্লেখযোগ্য অর্জন নেই। তবে যুদ্ধ না থামলেও সংঘর্ষে উভয় দেশের হাজার হাজার সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা। থেমে গেছে অর্থনৈতিক গতিও। গত গ্রীষ্মে প্রতি ডলারের বিপরীতে ইউক্রেনীয় রিভনিয়ারের মূল্যমান ছিল ৩৬ দশমিক ৫৭। বর্তমানে তা বেড়ে ৩৬ দশমিক ৯২-তে পৌঁছেছে। যদিও মুদ্রার পতন ঠেকাতে নিয়মিত বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করতে হচ্ছে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংককে।