শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে চীন। এ প্রস্তাবের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে চীনা কর্র্তৃপক্ষ এখন পর্যন্ত জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়েছে কি না, তা জানা যায়নি।  

গত শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীতে ইউক্রেনের প্রেসিডেন্ট চীনের শান্তি প্রস্তাব নিয়ে কথা বলেন। জেলেনস্কির ভাষ্য, চীন শান্তি প্রস্তাব দিয়েছে। তার মানে, দেশটি যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে চায়। একই দিনে চীন জানায়, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কার্যকর ভূমিকা রাখতে চায় পেইচিং। এমনকি মিত্র দেশ রাশিয়াকে পারমাণবিক হামলার পরিকল্পনা না করারও আহ্বান জানায় চীন।

এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমি চাই, চীন যেন রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করে।’ কয়েক দিন ধরেই পশ্চিমা দেশগুলো দাবি করছে, রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করছে চীন। যদিও এর কোনো প্রমাণ দিতে পারেনি তারা। অন্যদিকে, চীনও বিষয়টি শক্তভাবে অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শান্তি পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া ও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের কথা বলা হয়। তা ছাড়া পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর গঠনের প্রস্তাবও রাখা হয়েছে। ওই প্রস্তাবে শস্য রপ্তানি স্বাভাবিক করা ও ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ পরিহারের কথাও বলা হয়েছে। পেইচিংয়ের  শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা চীনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত।

অবশ্য এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট এই শান্তি প্রস্তাবের প্রশংসা করেছেন। তাহলে এটি ভালো হয় কীভাবে? ওই পরিকল্পনায় রাশিয়ার সুবিধাকেই বড় করে দেখা হয়েছে।’