বিডিআর বিদ্রোহ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদ্রোহের ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি যুক্ত ছিল। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব ঠিকই বলেছেন যে বিডিআর বিদ্রোহ ছিল দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি যুক্ত ছিল বললে তার কথাটি সম্পূর্ণ হতো।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রাঙ্গুনিয়া সমিতির মেজবান-মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসস।
ড. হাছান আরও বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাইÑবিডিআর বিদ্রোহের দিন ভোররাতে কেন বেগম জিয়া তার বাড়ি ছেড়ে চলে গেলেন এবং তখন তো আমরা ক্ষমতায়, আমরা জানি, সে দিন এবং তার আগের দিন বেগম জিয়া কতবার তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেসব রেকর্ড আমাদের কাছে আছে।’
গণতান্ত্রিকভাবে বিপুল গণরায় নিয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই বিএনপি দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে ড. হাছান বলেন, ‘বিডিআর বিদ্রোহে নিহতদের অধিকাংশই আওয়ামী পরিবারের সদস্য।’
এ ঘটনার বিচারে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা না হওয়ার কারণ জানতে চাইলে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তাদের কার্যকলাপ ও ঘটনা পরম্পরায় তাদের নেপথ্য ভূমিকা স্পষ্ট হলেও প্রত্যক্ষ প্রমাণের অভাবে মামলা হয়নি, ঠিক যেমন বঙ্গবন্ধু হত্যার পটভূমি রচনাকারী অনেক ষড়যন্ত্রকারীর বিরুদ্ধেও প্রত্যক্ষ প্রমাণের অভাবে এখনো মামলা করা যায়নি।’
রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মো. ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি জয়নাল আবেদীন জামাল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হিরু, রাঙ্গুনিয়া সমিতির উপদেষ্টা গিয়াস উদ্দিন খান, আবু সালেহ প্রমুখ বক্তব্য দেন।
আমাদের চট্টগ্রাম ব্যুরো জানায়, বিএনপি ভারতবর্ষে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিএনপি নিজেরা সন্ত্রাসী দল, আর দশ ট্রাক অস্ত্র পাচার করে ভারতবর্ষেও তারা অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। যে কথাটি আমরা এতদিন বলে আসছিলাম। বিএনপির মন্ত্রী-এমপি, হাওয়া ভবন ও তারেক রহমান যে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল এটি অনুপচেটিয়ার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে।’
গত শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে উন্নয়ন সমন্বয় সভার আগে তিনি জানান, ভারতীয় সন্ত্রাসী অনুপচেটিয়া সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া দশ ট্রাক অস্ত্র খালাসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।