গোপালগঞ্জের কাশিয়ানীতে পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় সেলিম উল্লাহ বাদশা (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী গুরুতর আহত হন।
আজ ২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ধূসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা কক্সবাজার জেলার মহেশখারী উপজেলার কালামাছড়া গ্রামের নুরুল আমিনের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী পর্যটকবাহী একটি মাইক্রোবাস ধূসর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসে থাকা ১৬ যাত্রীর মধ্যে সেলিম উল্লাহ বাদশা ঘটনাস্থলে নিহত এবং অপর ৯ যাত্রী গুরুতর আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা।
ওসি আরও জানান, হতাহতরা নিজ এলাকা থেকে মাইক্রোবাসযোগে সিলেট ভ্রমণ শেষ করে ঢাকা হয়ে বাগেরহাটের সুন্দরবন ভ্রমণে যাচ্ছিলেন। দুর্ঘটনায় পতিত মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।