সিনেমার টাইটেল গানে শফি-চন্দনা

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও ফোক গানের সাড়া জাগানো শিল্পী শফি মন্ডল একসঙ্গে প্লেব্যাক করলেন। সোহেল রানা বয়াতির পরিচালনায় নির্মাণাধীন ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তারা। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। আ.মা.ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে, কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মাণাধীন এ সিনেমায় অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, পারভীন পারু প্রমুখ। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘এ সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত এই গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে।’ চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’ আর বাউল শফি মন্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।’‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। নদীর যেমন এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প। এর মধ্যেই প্রেম, প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা ঘাত-প্রতিঘাত দেখানো হয়েছে। নির্মাতা জানান, গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। সুপার সাইক্লোন সিত্রাংয়ের তান্ডবে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগির বাকি চিত্রধারণের কাজ শুরু হবে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এ বছরই চলচ্চিত্রটি মুক্তি পাবে।