রূপপুরের অপরূপ দৃষ্টান্ত

শুরুতেই মুঠোভর্তি বেতন। রাশিয়ায় প্রশিক্ষণের সুযোগ। বহির্বিশে^ ব্যাপক চাহিদা। সবকিছুই মিলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চাকরিতে। এ কারণেই অন্য যেকোনো চাকরির তুলনায় মেধাবীরা ভিড় জমাচ্ছেন দেশের সবচেয়ে বড় প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে।

এত সুযোগ-সুবিধার চাকরি বলেই তদবিরটাও আকাশচুম্বী। স্থানীয় প্রভাবশালী, জাতীয় রাজনীতিক, প্রকল্প সংশ্লিষ্টদের আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবের তদবির আর তদবির। বাদ নেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। কিন্তু কোনো তদবিরেই কারও তকদির ফিরছে না। সব তদবির পাশে রেখে মেধাভিত্তিক জনবল বাছাই নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।

নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে সরাসরি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের তত্ত্বাবধানে। মৌখিক পরীক্ষায়ও বুয়েটের প্রতিনিধি থাকেন। প্রকল্পের কর্মকর্তা, মন্ত্রণালয়, মনস্তত্ত্ববিদসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা চুলচেরা বিশ্লেষণ করে প্রার্থী বাছাই করেন।

চার বছর আগে প্রথম দিনের মৌখিক পরীক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান হাজির হয়েছিলেন। পরীক্ষা বোর্ডেই প্রকল্প পরিচালক শৌকত আকবর মন্ত্রীর কাছে জানতে চাইলেন প্রার্থীদের তদবির আমলে নেওয়া হবে কি না। মন্ত্রী বলেছিলেন, ‘আমার নিজের কোনো তদবির নেই। কাজেই আমার দিক থেকে কোনো চাপ নেই। বাকি কাজটা আপনারা নির্ভয়ে করতে পারবেন তো?’ মন্ত্রীর এ অভয়বাণী শুনে আশান্বিত হয়ে ওঠেন প্রকল্প পরিচালক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কারও তদবির আমলে নেওয়া হয়নি।

ইয়াফেস ওসমান দেশ রূপান্তরকে বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর সঙ্গে পাল্লা দিয়ে জনবলও তৈরি হচ্ছে। ভবিষ্যতের উন্নত জাতি গঠনের জন্য পারমাণবিক বিদুৎকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উপলব্ধি থেকেই নির্মোহভাবে জনবল বাছাই করা হচ্ছে। কোনো ধরনের তদবির মানা হয়নি। অত্যন্ত সতর্কতার সঙ্গে দেশের সেরা মেধাবীদের হাতে এ বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। 

দেশের সবচেয়ে বড় এ প্রকল্পের জন্য জনবল লাগবে ২ হাজার ৫৩৫ জন। এর মধ্যে ধাপে ধাপে নেওয়া হয়েছে ১ হাজার ৯২৭ জন। তাদের মধ্যে ৮৫১ জনকে রাশিয়া থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। গুরুত্বপূর্ণ সাতজন কর্মকর্তা ২০১৮ সাল থেকে রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন। তারা বিদ্যুৎকেন্দ্রের জ¦ালানি আসার আগেই রাশিয়া থেকে রূপপুর ফিরবেন। আরও ৫৬৪ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদের জন্য আবেদন জমা পড়েছে ২৫ হাজার। প্রতি পদের বিপরীতে আবেদন পড়েছে ৪৪টি। এসব কর্মকর্তার তত্ত্বাবধানেই রূপপুরের দুটি ইউনিট থেকে ১ হাজার ২০০ করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা চাকরি ছেড়ে দেন তখন কী হবে। সেই ব্যবস্থাও পাকা করে রেখেছেন প্রকল্প কর্মকর্তারা। চাকরিতে যোগ দেওয়ার আগে তাদের বন্ড সই দিতে হয়েছে যে, ১১ বছরের আগে কোনো অবস্থাতেই তারা চাকরি ছাড়তে পারবেন না। এর আগে চাকরি ত্যাগ করলে তাদের পেছনে প্রশিক্ষণ বাবদ বা তাদের গড়ে তুলতে সরকারের যে খরচ হয়েছে তা তাকে ফেরত দিতে হবে। তবে ১১ বছর চাকরির পর কেউ ইচ্ছা করলে চাকরি ছাড়তে পারবেন।

১১ বছর পর কিছু লোক চাকরি ছাড়তে পারেন, তখন শূন্যতা তৈরি হবে কি না জানতে চাইলে শৌকত আকবর বলেন, ‘সেই ব্যবস্থাও করে রেখেছি। ততদিনে তার বেতনও অনেক বেড়ে যাবে। এ কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চাকরির বেতন অন্য যেকোনো চাকরির চেয়ে বেশি।’

প্রকল্পে যোগদানের পর দুই বছর প্রশিক্ষণ চলবে। এরপর চাকরি স্থায়ী হলে সেকশন লিড ইঞ্জিনিয়ার পদের বেসিক বা মূল বেতন হবে ৬২ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা ধরনের ভাতা যোগ হবে। কর্মীদের আকৃষ্ট করার জন্য ৪০ শতাংশ হারে প্রজেক্ট অ্যালাউন্স দেওয়া হচ্ছে। সব মিলে মোট বেতন দাঁড়ায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বাছাই প্রক্রিয়া শেষে যারা বিসিএস বিভিন্ন ক্যাডারে যোগ দেন তাদের প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা। এর সঙ্গে শুরুতেই একটা ইনক্রিমেন্ট যোগ হয়ে মূল বেতন দাঁড়ায় ২৩ হাজার টাকার কিছু বেশি।

কারা প্রকল্পের বিভিন্ন পদে বাছাই হচ্ছেন জানতে চাইলে পারমাণবিক শক্তি কমিশনের একজন কর্মকর্তা জানান, মূলত বুয়েটের শিক্ষার্থীরা এই চাকরিতে আসছেন। বুয়েট ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে যোগ দিচ্ছেন।

দেশের প্রশাসনিক কাঠামোতে পদোন্নতি দেওয়া হয় সিনিয়রিটির ভিত্তিতে। বিভিন্ন ক্যাডার সার্ভিসে পদোন্নতির ভিত্তি হবে লিখিত পরীক্ষা এমন প্রস্তাব ছিল সরকারি কর্মচারী আইনের খসড়ায়। এ নিয়ে প্রবল আপত্তি তোলেন জুনিয়র কর্মকর্তারা। তাদের বক্তব্য ছিল, একবার পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন। পদোন্নতি পাওয়ার জন্য তারা আবার পরীক্ষায় বসতে পারবেন না। তাদের আরও যুক্তি ছিল, যে সিনিয়র কর্মকর্তারা লিখিত পরীক্ষা দিয়ে পদোন্নতি পাওয়ার বিধান চালু করতে চান তারা সারা জীবন পদোন্নতি পেয়েছেন সিনিয়রিটির ভিত্তিতে। সিনিয়ররা যদি সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি পান জুনিয়ররা কেন পরীক্ষা দিয়ে পদোন্নতি পাবেন এ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছিল প্রশাসনে। শেষ পর্যন্ত জুনিয়র কর্মকর্তাদের কাছে নতি স্বীকার করে লিখিত পরীক্ষা দিয়ে পদোন্নতির বিধান থেকে সরে আসে সরকার।

এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রূপপুরের কর্মকর্তাদের পদোন্নতি কীভাবে হবে। বিষয়টি জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কমিশনের রূপপুর প্রকল্প অফিসে মুখোমুখি হলে প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেন, পদোন্নতি পেতে হলে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা দিয়ে ধাপে ধাপে পদোন্নতি নিতে হবে রূপপুরের কর্মকর্তাদের। একজন কর্মকর্তা নির্দিষ্ট পদে দীর্ঘদিন চাকরি করেও পরবর্তী পদের জন্য অযোগ্য হতে পারেন। কাজেই পদোন্নতির জন্য অবশ্যই পরীক্ষা দিতে হবে।

দেশের সাধারণ মানুষ কবে নাগাদ পরমাণু বিদ্যুৎ পাবে জানতে চাইলে শৌকত আকবর চুপ হয়ে যান। তার দৃষ্টি চলে যায় অফিস রুমের সুপরিসর জানালা ভেদ করে অসীম আকাশে। চুপচাপ মনে মনে যোগ-বিয়োগ করে জানালেন, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে জ্বালানি আসবে। তারপর ধাপে ধাপে উৎপাদনে যাবে সবচেয়ে দামি এ প্রকল্প।

শৌকত আকবরের চেয়ারে বসেই টিএসসির পাশ দিয়ে যাওয়া মেট্রোরেল দেখা যায়। টিএসসির পূর্বপাশের দেবদারু গাছের ফাঁক গলে মেট্রোরেল দেখিয়ে প্রকল্প পরিচালক বললেন, ‘ভালো জিনিসের জন্য কারোরই তর সয় না। আমাদেরও সইছে না। আশা করি শিগগিরই এর দেখা মিলবে।’