রবীন্দ্রভারতীতে আমন্ত্রিত স্বপ্নীল সজীব

রবীন্দ্রনাথের গানের মেধাবী সংগীতশিল্পী স্বপ্নীল সজীব ধীরে ধীরে নিজের কাজের ব্যাপ্তি বাড়াচ্ছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার প্রযোজিত পোয়েট্রি ফিল্ম ‘বিদ্রোহী’ ইউনেস্কো থেকে প্রকাশিত হয়েছে। এবার তিনি ডাক পেলেন ভারতের স্বনামধন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে। আগামী ১৬ মার্চ এই সেমিনারে যোগ দেবেন তিনি। সেখানে তাকে অতিথি বক্ত হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বপ্নীল বলেন, ‘যে কোনো বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ আমাকে আনন্দিত করে। কারণ উচ্চশিক্ষার বিদ্যাপীঠ থেকেই দেশের সেরা সন্তানদের অনেকেই বের হন। তবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুরুদেব রবীন্দ্রনাথের নাম জড়িত। তার বাণী আর সুর নিয়েই তো এতদিনের পথচলা আমার। আমি চাই নতুন প্রজন্ম আমাদের রবীন্দ্রনাথকে জানবে, বুঝবে, ধারণ করবে। রবীন্দ্র সাধক হিসেবে আমার জন্য পরম পাওয়া এমন একটি জায়গা থেকে অতিথি আলোচক হিসেবে আমন্ত্রণ পাওয়া। সেমিনারের বিষয় হলো ‘রবীন্দ্রনাথ ও সমাজ চেতনা’।