টিকটক বানানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মোবাইলে টিকটক ভিডিও বানানো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ১ জন এবং আহত শতাধিক। বুধবার (১ মার্চ) রাতে ছাতক সুরমা ব্রিজের গোলচত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল আলম (৪৫)। তিনি উপজেলার মুক্তিরগাঁও গ্রামের মৃত চমক আলীর ছেলে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাতক সুরমা ব্রিজের গোলচত্তর এলাকায় শহরের বাঁশখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতক সুরমা সেতুতে এক যুবক ও এক তরুণী টিকটক ভিডিও করার সময় তাদের বাধা দেয় বাঁশখালা গ্রামের আহাদ মিয়ার ছেলে রাজ্জাক, আহমদ আলীর ছেলে মান্নাসহ তাদের সহযোগীরা। এ সময় মুক্তিরগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে মামুনের সাথে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করা হয়। এ নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা গোলচত্তর এলাকায় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করেছে। একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক জানান, টিকটক ভিডিও বানানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।