বাগেরহাটে গরুর একটি দুগ্ধ খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি গরুর মৃত্যু হয়েছে এবং ১৪টি দুগ্ধজাত গরু অগ্নিদগ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৭০ শতাংশ অগ্নিদগ্ধ বেঁচে যাওয়া ১৪টি গরুর (গাভী) অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। খামারটিতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে খামার মালিক দাবি করেছেন।
গত বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের নাজমুল আলম রুবেলের গরুর খামারে এই আগুনের ঘটনা ঘটে। আগুনে খামারটির অন্তত ৭০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে খামার মালিক দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় পুলিশ, জনপ্রতিনিধি ও প্রাণিসম্পদ বিভাগ ক্ষতিগ্রস্ত খামারটি পরিদর্শন করেছেন।
সরেজমিনে দেখা যায়, খামারে দুটি গরু আগুনে পুড়ে মরে আছে, অন্যগুলোর সারা শরীর চামড়া পুড়ে ঝলসে আছে। গরুগুলো ছটফট করছে।
খামার মালিক নাজমুল আলম রুবেল অভিযোগ করে এই প্রতিবেদককে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে গরুর খামারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা এর আগেও আগুন দিয়েছিল।
বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, পুলিশ আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে।