এবার বর্ডার-গাভাস্কার ট্রফির আগের দুই টেস্ট তিন দিনেই ফয়সালা হয়ে গিয়েছিল। ইন্দোর টেস্টও তিন দিনেই শেষ হবে। গতকাল দ্বিতীয় দিনে উইকেট পড়েছে ১৬টি। ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ১৯৭-এ অলআউট হয়। পরে নাথান লায়নের ঘূর্ণিতে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৩তে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭৬ রান, ভারতের ১০ উইকেট।
প্রথম ইনিংসে ১০৯ করা ভারত দ্বিতীয় ইনিংসেও আরও দ্রুত গুটিয়ে যেতে পারত। তবে চেতেশ্বর পূজারার ১৪২ বলে ৫৯, শ্রেয়াস আইয়ারের ২৬, অশ্বিনের ১৬ রানের ইনিংসে লক্ষ্য দিতে পারে ভারত। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৮ উইকেট নেন লায়ন ৫৪ রানে। ২০১৭তে বেঙ্গালুরু টেস্টে ৫০ রানে ৮ উইকেট তার সেরা বোলিং। সেবার ১৮৯ রানে ভারতকে গুঁড়িয়ে প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নিয়েও ম্যাচ জিততে পারেনি অজিরা। ১৮৮ রান তাড়ায় অশ্বিনের ঘূর্ণিতে ১১২ রানেই গুঁড়িয়ে যায়।
এবার লক্ষ্যটা তাই ৭৬ হলেও ভারতের জয়ের সুযোগ দেখছেন পূজারা, ‘ব্যাট করার জন্য এটা কঠিন উইকেট। সহজ নয়। আপনাকে নিজের রক্ষণের ওপর ভরসা রাখতে হবে। ৭৫ রান হয়তো খুব বেশি নয়। তবে সুযোগ আছে। এই উইকেটে আপনাকে আক্রমণ ও রক্ষণের মিশ্রণে খেলতে হবে।’