হাতকড়াসহ বাবার জানাজায় ছাত্রদল নেতা

ঝালকাঠিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন সিদ্দিকুর রহমান নামে কারাবন্দি এক ছাত্রদল নেতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজার সময় তার হাতে হাতকড়া পরানো ছিল, যার সঙ্গে আবার বাঁধা ছিল দড়ি।

হাতকড়াসহ জানাজায় অংশ নেওয়া সিদ্দিকুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়ন ছাত্রদলের আগামী সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা রয়েছে তার।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের করা মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি। গত বুধবার বিকেলে তার বাবা মোকছেদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার জানাজায় সিদ্দিকুরের অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে তার মুক্তির আবেদন করেন ভাই মিজানুর রহমান। পরে গতকাল বিকেলে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিকেল ৫টায় হাতকড়া পরানো অবস্থায় বাবার জানাজায় অংশ নেন সিদ্দিকুর। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয় তাকে। 

সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দিকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট সন্তান সিদ্দিকুর গ্রেপ্তারের পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’

ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, ‘আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।’