কম্বোডিয়ার সুপরিচিত সরকারবিরোধী নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের দায়ে ২৭ বছর গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল শুক্রবার রাজধানী নমপেনের একটি আদালত এ আদেশ দেয়। রায়ে আদালত বলেছে, এই দণ্ডের কারণে ৬৯ বছর বয়সী কেম সোখা সরকারি কোনো পদে থাকতে পারবেন না, পারবেন না নির্বাচন করতেও।
বিবিসি বলছে, প্রধানমন্ত্রী হুন সেনের সরকারকে উৎখাতে বিদেশি শক্তির সঙ্গে চক্রান্ত করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। অবশ্য সোখার আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানানো হয়েছে।
২০১৩ সালের এক ভিডিওতে কেম সোখা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলোর সমর্থন পেয়েছেন বলে জানিয়েছিলেন। ওই ভিডিওর ওপর ভিত্তি করেই ২০১৭ সালে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। সখা ও তার আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করে বিরোধীদলীয় এ নেতার বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন বলে অ্যাখ্যা দিয়েছিলেন।
বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশিদিন ধরে দেশ শাসন করে আসা ব্যক্তিদের তালিকায় উপরের দিকেই আছেন হুন সেন, তিনি ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়ার ক্ষমতায় রয়েছেন।
দেশটিতে এই বছরের জুলাইয়ে সাধারণ নির্বাচন হওয়ার কথা। এতেও হুন সেন লড়বেন বলে ধারণা করা হচ্ছে।