কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে বাউল সাধক ফকির লালন শাহ’র স্মরণে তিন দিনের দোল পূর্ণিমা স্মরণোৎসব।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। আজ শনিবার থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী সোমবার পর্যন্ত।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে তিন দিনের এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি কুষ্টিয়া-৩, আ. কা. ম. সরওয়ার জাহান এমপি কুষ্টিয়া-১, জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, পুলিশ সুপার খাইরুল আলম প্রমুখ।
প্রথম দিনের প্রধান আলোচক কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শানিনুর রহমান এবং আলোচনা করবেন লালন সাঁইজির মাজার খাদেম মোহম্মাদ আলী শাহ।
এরই মধ্যে আখড়াবাড়িতে এসে মিলন মেলায় একীভূত হয়েছেন লালন ভক্ত, অনুসারীরা। জীবদ্দশায় বাউল শিরোমনি লালন শাহ দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে বসতেন সাধুসংঘে। তারই ধারাবাহিকতায় লালন শাহ এর তিরোধানের পরও কালীগঙ্গার ধারে প্রতি বছর দিবসটি ঘিরে পালিত হচ্ছে এ উৎসব।
ব্যক্তি লালনের জাতপাতের পরিচয় নিয়ে নানা মতভেদ থাকলেও আধ্যাত্মিক সাধক লালন শাহ সবকিছুর ঊর্ধ্বে উঠেছেন তার মানব দর্শনালোকের দ্যুতি ছড়িয়ে।