রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা শহর আলী গতকাল শুক্রবার ১১ জনের নামে কালুখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা শহর আলীর সঙ্গে একই গ্রামের মানিক মন্ডল, মিলন মন্ডল, সবুজ মন্ডলদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ইতিপূর্বে তার জমি দখল ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করেছে। এ ঘটনায় আদালতে মামলা চলমান। গত বুধবার জমিতে গম কাটতে গেলে অভিযুক্তরা তার স্ত্রীর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে সে দৌড়ে বাড়ি ফিরে গেলে তার পিছু ধাওয়া করে মুক্তিযোদ্ধা শহর আলীকেও মারধর করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে। আহত শহর আলীর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
অভিযুক্ত মিলন মন্ডল বলেন, ‘ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। শত্রুতা করে আমাকে আসামি করা হয়েছে।’
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’