চাঁদাবাজির অভিযোগে এএসআইসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাদের আটক করার পর রাত সাড়ে ৯টার দিকে আশাশুনি থানা পুলিশে সোপার্দ করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, ৮ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, দুটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলিম সানার ছেলে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন, পিরোজপুর সদর থানার পান্তাডুবি গ্রামের রহম আলীর ছেলে মনির হোসেন, একই গ্রামের আনোয়ার শিকদারের ছেলে সোহেল শিকদার, একই থানার চরলোহারকাটি গ্রামের ইউনুচ মৃধার ছেলে আবুল কালাম মৃধা ও গাড়ী চালক পূর্ব শিকারপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম। এছাড়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত গণি মিস্ত্রীর ছেলে
নজরুল ইসলাম পলাতক রয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক জানান, পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন তার তিন সঙ্গীকে নিয়ে একটি প্রাইভেটকারে চড়ে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্যার ছেলে আশিকুর রহমান ওরফে আশিকের বাড়িতে যায়।

এসময় নিজেকে ঢাকার সাইবার ক্রাইমের একজন পরিচয় দিয়ে অনলাইনে জুয়ার ব্যবসা করার অভিযোগ তুলে আশিকের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এএসআই রুবেল হোসেন তার কাছে থাকা হ্যান্ডক্যাপ বের করে গ্রেপ্তারের জন্য আশিকের হাতে লাগানোর চেষ্টা করে।

সন্দেহ হলে গ্রামবাসী এএসআই রুবেল হোসেনসহ তার অপর তিন সঙ্গী মনির হোসেন, সাহেল শিকদার, কালাম মৃধা ও গাড়িচালক সাইফুলকে আটক করে গণপিটুনি দেয়। ক্ষুব্ধ গ্রামবাসী এসময় দুটি হ্যান্ডক্যাপ ও রুবেলের কাছে থাকা রিভলবারের ৮টি গুলিসহ ম্যাগজিন ছিনিয়ে নেয়।

গণপিটুনি শেষে একপর্যায় রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে আটকে রেখে থানায় পুলিশে খবর দেওয়া হয়। পরে তাদেরকে আশাশুনি থানা পুলিশে সোপার্দ করা হয়। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি এক্স করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ, ১৯-৬৩৯০)।

শনিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ খোয়া যাওয়া দু’টি হ্যান্ডক্যাপ ও ৮ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করে।

এ ঘটনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্যার ছেলে আশিকুর রহমান ওরফে আশিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগ গ্রামবাসী এএসআই রুবেল হোসেনসহ পাঁজনকে আটক করে পুলিশে সোপার্দ করে।

ভুক্তভোগী আশিকুর রহমান বাদী হয়ে আটক ৫ জনসহ একজনকে পলাতক দেখিয়ে শনিবার (৪ মার্চ) একটি মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।