মুক্তি পেল বুকের মধ্যে আগুন

কোনো ঘোষণা ছাড়াই তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। শাহরিয়ার শাকিল প্রযোজিত সিরিজটি প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নির্মিত বলে কথা উঠেছে। নির্মাতা কিংবা প্রযোজকরা স্পষ্ট না করলেও সালমান শাহর জীবন কাহিনীর সঙ্গে যেমন মিল রয়েছে, আবার প্রয়াত এ নায়কের শেষ সিনেমার নামও ছিল ‘বুকের ভেতর আগুন’। এ সিরিজ নির্মাণের খবর দেখে তার মুক্তি আটকাতে উকিল নোটিসও দিয়েছে সালমান শাহর পরিবার। তার মধ্যেই অনেকটা চুপিসারে বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তি পেল বুকের মধ্যে আগুন। সিরিজ মুক্তির অন্য সবের মতো কোনো ট্রেইলার প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর একটি ভিডিও অবশ্য আপলোড করা হয় হইচইয়ে। সেখানে এই অভিনেতা বলেন, ‘আরমান রহমান জয়ের ফ্যান হয়েও সে কেইসটির সমাধান করতে পারছেন কি না, দেখতে হলে চোখ রাখুন হইচইয়ে।’ সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

অপূর্ব ছাড়াও ইয়াশ রোহান, আবু হোরায়রা তানভীর, তমা মির্জা, শাহনাজ সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, গাজী রাকায়েতসহ অনেকেই অভিনয় করেছেন তারকাবহুল এ সিরিজে। হইচইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার রাত ১২টায় আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে।’

টাইটেলে লেখা হয়েছে, ‘নব্বই দশকে এক সুপারস্টারের আকস্মিক মৃত্যুতে থমকে গিয়েছিল সবাই। মার্ডার নাকি সুইসাইড? আজও মেলেনি প্রশ্নের উত্তর। ফ্যানদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেক বছর পর কেসটির পুনঃতদন্তের দায়িত্ব পড়ল এএসপি গোলাম মামুনের ওপর।’ চলতি বছরের জানুয়ারি মাসে ‘হইচই মিট’ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করে বছরব্যাপী কর্মপরিকল্পনা তুলে ধরে ওটিটি প্ল্যাটফর্মটি। তখনই ঘোষণা দেওয়া হয় ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের। এই কাহিনীর সঙ্গে সালমান শাহর জীবনের ঘটনার মিল সবার চোখেই ধরা পড়ার পর শুরু হয় আলোচনা। বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় সালমান শাহর। ঢাকার ইস্কাটনে তার নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।