ঢাকা প্রিমিয়ার লিগ দলবদলের প্রথম দিন খুব গোছালোভাবেই এসেছিল অগ্রণী ব্যাংক। আসর শুরুর আগেই ক্রিকেটারদের গায়ে উঠেছে জার্সি, যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোতেও দেখা যায় না। ৬ বছর পর তারা ফিরেছে প্রিমিয়ার লিগে। প্রত্যাবর্তনটাকে চমক হিসেবেই সীমাবদ্ধ না রেখে প্রিমিয়ার লিগে স্থায়ী হওয়াটাই লক্ষ্য ব্যাংক দলটির।
এখনকার ক্রিকেটপ্রেমীদের কাছেও অগ্রণী ব্যাংক নতুন নাম। তবে দুই দশক আগের ঢাকা লিগের খবর যারা রাখেন তাদের কাছে অগ্রণী ব্যাংক পুরনো। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার আগে আবাহনী, মোহামেডান, বিমান, ভিক্টোরিয়া, মেরিনার ইয়ংস ক্লাবগুলোর সঙ্গে অগ্রণীও প্রতিযোগিতায় ছিল নিয়মিত। সময়ের সঙ্গে তারা হারিয়ে গিয়েছিল বিমান-ভিক্টোরিয়ার মতো। তাদের নামের ওপর পড়েছে ধুলো। সেই ধুলোর আস্তর সরাতে অগ্রণী ব্যাংক এবার প্রিমিয়ার লিগে পা রেখেছে। ঢাকার ক্রিকেটে এখন প্রাইম ব্যাংক যেমন, ঠিক তেমনি পেশাদারিত্ব নিয়ে নিয়মিত হতে চায় দলটি। ফিরিয়ে আনতে চায় ঢাকার ক্রিকেটে তাদের হারানো অতীত।
প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর অগ্রণী ব্যাংক মাত্র একবারই লিগে খেলেছিল ২০১৭ সালে। এর আগে ৮-৯ বছর ধরে দলটি লিগে ছিল না। প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে এবার বেশ জোর প্রস্তুতি নিয়েই নামছে অগ্রণী ব্যাংক। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ যেমন সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, ইলিয়াস সানি, নুরুজ্জামান, শরিফুল্লাহ ও আবু হায়দার রনিরা আছেন। তামিম-সাকিব-মুশফিকদের মতো বড় নাম দলে ভেড়াতে ব্যর্থ হলেও ভারতে রঞ্জি খেলা ভালোমানের বিদেশি ক্রিকেটার নিয়ে সেই অভাব পূরণ করতে চায় ক্লাবটি। অগ্রণী ব্যাংক ম্যানেজমেন্ট ক্রিকেটের দিকে আবার নজর দেওয়ায় বেশ ভালো বাজেট পেয়েছে প্রিমিয়ার লিগের জন্য। তাই ভালো ক্রিকেটার নেওয়া গেছে বলে জানান দলটির ম্যানেজার মো. মামুন উর রশিদ, ‘প্রিমিয়ারে একটা নতুন দল উঠলে প্রথম সমস্যাটা হয় ক্রিকেটার নেওয়া। কারণ ক্রিকেটাররা অন্য দলের সঙ্গে সেট থাকে, তারা দল ছেড়ে নতুনটায় আসতে চায় না। আবার নতুন দল কেমন হয় সে ব্যাপারেও একটা দ্বিধা থাকে। আমরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে পেমেন্টের বিষয়গুলো জানানোর পর তারা আমাদের বিশ্বাসযোগ্য মনে করেছে। আপনারা দেখেছেন, আমাদের দলে যে অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন তাদের নিয়ে চ্যাম্পিয়ন লড়াই দেওয়ার সামর্থ্য আছে।’
প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়া এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পেছনে বাজেট মূল সমস্যা বলে জানান মামুন। তবুও যতটুকু পেয়েছেন তা কাজে লাগিয়ে ২০১৭ প্রিমিয়ার লিগে এসেছিল অগ্রণী ব্যাংক। এরপর আবার হারিয়ে যাওয়া। তবে এবার ভিন্নভাবে শুরু করতে চান মামুন। প্রাইম ব্যাংক যেমন পেশাদার ঠিক তেমনি নিজেরাও ঢাকার ক্রিকেটে জায়গা করে নিতে চান, ‘আমাদের ইচ্ছে আছে প্রাইম ব্যাংক যেমন পেশাদার ওই রকম পেশাদারিত্ব এবং নিয়মিত হওয়ার। একটা বিষয় হলো প্রথম বিভাগ আর প্রিমিয়ার লিগের বাজেট আকাশপাতাল পার্থক্য। ব্যাংকিং ম্যানেজমেন্টের সবাই তো খেলার সঙ্গে সম্পৃক্ত নয়। কিন্তু আমরা যদি প্রথম মৌসুমে ভালো করি, এটা অগ্রণী ব্যাংক ম্যানেজমেন্টের চোখে পড়বে। এরপর তারা অনুধাবন করতে পারবে যে, বড় দল গড়তে আরও বাজেট দরকার হয়। তখন তারা আগ্রহী হবে।’
অগ্রণী ব্যাংকের কোচ আনোয়ার হোসেন চৌধুরী ১৯৯০ সালের আগে ছিলেন দলটির খেলোয়াড়। খেলোয়াড়ি জীবন শেষ করে এক এখানেই কোচ হিসেবে কাটিয়েছেন প্রায় ২৫ বছর। ২০১৭ সালে আশা করার মতো খুব বেশি কিছু না থাকলেও এবার ভালো কিছুর ভরসা পাচ্ছেন আনোয়ার, ‘২০১৭তে ৮-৯ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছিল অগ্রণী ব্যাংক। আমাদের এবার যে দল হয়েছে; সেটা নিয়ে আমি সত্যি আত্মবিশ্বাসী যে, ভালো করবে। ঘরোয়া ক্রিকেটের সব পারফরমাররা যারা গত জাতীয় লিগে সেঞ্চুরি করেছে বা ভালো উইকেট নিয়েছে, তারা এবার এই দলে আছেন। এদিক থেকেই আমি বিশ্বাস করি যে, দলটি আবার প্রিমিয়ার লিগে নিয়মিত হওয়ার সামর্থ্য রাখে।’
এবার অগ্রণী ব্যাংকের দল গোছাতে ক্রিকেটাররাও বড় ভূমিকা রেখেছেন। তাদের একজন বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেকে পাঁচ উইকেট নেওয়া ইলিয়াস সানি। বিশেষ করে ঢাকা বিভাগের ক্রিকেটাররা খেলবেন অগ্রণীতে। সানি জানান, অন্য ক্লাবের হয়ে খেলার সুযোগ থাকলেও বিশেষ কিছু কারণে অগ্রণী ব্যাংককে বেছে নিয়েছেন, ‘প্রথম ব্যাপারটি হলো এই দলের কোচ। ওনার জন্য এখানে আসা। দ্বিতীয়ত, অর্থসংক্রান্ত একটা ব্যাপার তো আছেই। আমরা অন্য দলগুলো থেকে অগ্রণী ব্যাংক থেকে এবার ভালো প্রস্তাব পেয়েছি। তৃতীয়ত, আমরা যারা এই দলে নাম লিখিয়েছি, সবাই অনেক দিন ধরেই একসঙ্গে খেলি। একসঙ্গে বলতে ঢাকা মেট্রো বা ঢাকা বিভাগ যাই বলুন, তো আমাদের ইচ্ছে ছিল এক দল হয়ে প্রিমিয়ার লিগ খেলব।’
দল নতুন হলেও অগ্রণী ব্যাংকের ক্রিকেটাররা পুরনো। তাই তাদের স্বপ্নটাও বড়। সানির চোখে এবার তাদের প্রথম লক্ষ্য সুপার লিগে খেলা। এরপর সুপার লিগে বড় দলের সঙ্গে দু-তিনটি জয় দিয়ে ৬ দলের মধ্যে সেরা তিনে থাকতে চায় তারা। তাহলেই তো লিগে নিয়মিত হতে পারবে অগ্রণী ব্যাংক।