তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য প্রায় ১ হাজার একর জমি অধিগ্রহণ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারের এ উদ্যোগে পানি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়বে বলে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল শনিবার টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার আরও কৃষিজমিকে সেচের আওতায় আনতে সহায়তা করবে। তবে এতে বাংলাদেশের বিপর্যয় বাড়তে পারে। পানির সংকট নিরসনে এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘ ২০ বছর পর তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া নতুন খাল খননের সিদ্ধান্তে ঢাকার দুশ্চিন্তা আরও বাড়বে। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে নয়াদিল্লি ও ঢাকা তিস্তার পানিবণ্টন চুক্তিতে পৌঁছাতে পারেনি। একজন রাজনৈতিক পর্যবেক্ষক উল্লেখ করেছেন, তিস্তা প্রকল্পের পরিধি বাড়িয়ে মমতা প্রমাণ করার চেষ্টা করছেন, এ নদী থেকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের পানি প্রয়োজন।
শিলিগুড়ির নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভূগোল বিভাগের একজন ফ্যাকাল্টি মেম্বার টেলিগ্রাফকে বলেন, ‘এখন যেহেতু মমতার সরকার সেচ নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে, তাই এটা স্পষ্ট তিস্তার আরও বেশি পানি নতুন খালের মাধ্যমে প্রবাহিত হবে। এর অর্থ হলো, শুষ্ক মৌসুমের কয়েক মাস বাংলাদেশের জন্য কম পানি পাওয়া যাবে।’
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গ্রীষ্মের মাসগুলোতে তিস্তায় প্রায় ১০০ কিউমেক (কিউবিক মিটার পার সেকেন্ড) পানি পাওয়া যায়। কিন্তু সূত্র জানায়, ভারত ও বাংলাদেশের কৃষিজমিতে সেচের জন্য প্রায় ১ হাজার ৬০০ কিউমেক পানি প্রয়োজন।
শুক্রবার পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা প্রশাসন প্রায় ১ হাজার একর জমি সেচ বিভাগের কাছে হস্তান্তর করে। এই জমি তিস্তার বাম তীরে দুটি খাল খননে প্রশাসনকে সহায়তা করবে। জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত আরেক নদী জলঢাকার পানিপ্রবাহও খালগুলোর দিকে সরিয়ে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ সেচ বিভাগ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী তিস্তা ও জলঢাকা থেকে পানি সরাতে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। একই সঙ্গে তিস্তার বাম তীরে ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে আরেকটি খাল খনন করা হবে।
প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, খালগুলো খনন হলে প্রায় ১ লাখ কৃষক সেচের সুবিধা পাবেন। এ ব্যারাজটি জলপাইগুড়ি জেলার গজলডোবায় অবস্থিত। একজন কর্মকর্তা বলেন, এই উদ্যোগ থেকে মোট কতগুলো এলাকা উপকৃত হবে, তা সেচ বিভাগ মূল্যায়ন করবে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে ৯ লাখ ২২ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়ার পরিকল্পনা নিয়ে ১৯৭৫ সালে তিস্তা ব্যারাজ প্রকল্প চালু হয়। পরিকল্পনা ছিল তিস্তার পানি দুই তীরের খালের মাধ্যমে প্রবাহিত করা। তবে কয়েক দশক ধরে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়ে আসছে এবং মাত্র ১ দশমিক শূন্য ৪ লাখ হেক্টর জমিতে পানি পৌঁছেছে।
গত শুক্রবার পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘জলপাইগুড়ি জেলা প্রশাসন খাল খননের জন্য ১ হাজার একর জমি আমাদের কাছে হস্তান্তর করেছে। ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার এটিকে একটি জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু সরকার তহবিল সরবরাহ করছে না। আমরা তহবিল না পেলেও ধাপে ধাপে কাজ শেষ করার চেষ্টা করব।’
পশ্চিমবঙ্গ সেচ বিভাগ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের আরও একটি খাল সংস্কার করবে। একটি সূত্র টেলিগ্রাফকে জানিয়েছে, এ খালটি চালু হলে ধূপগুড়ি ব্লকের ৩২ হাজার একর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে।