দেশে রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘আমরা সবার জন্য রাজনৈতিক অঙ্গন একদম মুক্ত করে দিয়েছি। যে যেমন পারছেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা কিছু বাধা দিচ্ছি না। আওয়ামী লীগ বিশ্বাস করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও নতুন প্রাইম মিনিস্টার (প্রধানমন্ত্রী), নতুন সংসদ নির্বাচিত হবে। ইলেকশন কমিশন সেই ব্যবস্থাটা করবেন এটাই আমরা মনে করি।’
গতকাল শনিবার যশোরে পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কখনো বিশ্বাস করে না যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ কখনোই বিশ্বাস করে না যে, পেশিশক্তির মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসবে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় চিন্তা করে জনগণই তার শক্তি।’
তিনি আরও বলেন, ‘আগামী ১০ বছর পরে আমাদের চরম দরিদ্রতা কেমন ছিল তা জাদুঘরে গিয়ে দেখে আসতে হবে; তা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে। আমরা সবাই যদি একসঙ্গে চলি তবে আমাদের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। কেউ বাইরে থেকে এসে সবক দেবে তা হবে না, আমরা নিজেরা চলতে পারি।’
দেশের সব কটি থানা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ১০১টি থানার ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আরও ৫০টি থানার ভবন নির্মাণ প্রক্রিয়াধীন। এ ছাড়া যশোরের পুলিশ সুপারের কার্যালয়সহ ৯টি কার্যালয় নির্মাণ সম্পন্ন হয়েছে। সব ধরনের সুযোগ-সুবিধা এখানে থাকবে।’
তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জন করতে হলে সাসটেইনেবল পিস (শান্তি) দরকার। আর সে জন্য সাসটেইনেবল নিরাপত্তা দরকার।’
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক।
স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ই-গেট (ইলেকট্রনিক ফটক) সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বেনাপোল বল্ডফিল্ড মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেন।