তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার : তথ্যমন্ত্রী

জুনিয়র চেম্বার সদস্যদের দেশ বদলে দেওয়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমরা সবকিছুর পরিবর্তন চাই। তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আমরা দেশ বদলের স্বপ্ন দেখি। তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে।

গতকাল শনিবার রাত ৮টায় চট্টগ্রাম নগরের পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুর মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) চেইন হেন্ডওভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি বিশ্বাস করি, পৃথিবীতে কোনো কিছুই বাধা নয়। যার প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে, সে সব বাধা অতিক্রম করতে পারে। ইচ্ছা, প্রচেষ্টা সব প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলেছে। দারিদ্র্যতা, ভালো চেহারা না থাকা এটা এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।’

তিনি আরও বলেন, ‘কোনোকালেই কোনো বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। সব সূচকে আমরা এগিয়ে গেছি। ভারতকে অতিক্রম করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তা অনেক, তাদের কাছে নতুন নতুন ধারণা আছে। অনেকে এই-কমার্সের সঙ্গে জড়িয়ে কাজ করছে। তরুণরা উদ্যোক্তা হয়ে এগিয়ে আসুক, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাকÑ এটাই আমরা চাই।’

অনুষ্ঠানে বেসিসের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট দিয়াজ মোটেল এলিট বলেন, এখানে অনেক তরুণ উদ্যোক্তা আছে, যাদের চোখের দিকে তাকালে আমি আশার আলো খুঁজে পাই। গত ১১ বছরে মেসিই অনেক দূর এগিয়েছে। তরুণদের নিয়ে তরুণদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে জেসিআই। এখানে যারা কাজ করছে সবাই ডায়নামিক। সবাই নিজের পকেটের টাকা খরচ করে কাজ করে যাচ্ছে। এখানে যারা কাজ করছে সবাই মেধাবী। সবাই সফল উদ্যোক্তা। আমরা তারুণ্যের শক্তি দিয়ে তরুণদের জীবনমান উন্নয়নে কাজ করে যাব।

এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জেসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ জেসিআইয়ের বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য দেন।