ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইতে সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। মুক্তির পর সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শক বলছে, সিরিজটি সালমান শাহ্ এর জীবনের বিভিন্ন ঘটনা থেকে নির্মিত।
হইচই বলছে, ৯০ দশকের একজন সুপারস্টার ও স্টাইল আইকন রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সেই মৃত্যু রহস্য উন্মোচন করবেন এএসপি গোলাম মামুন ওরফে অপূর্ব। সিরিজটি সালমান শাহর মৃত্যু রহস্য কিনা সেই বিষয়ে পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। গল্পে দেখানো হয়েছে, সেই সুপারস্টার নায়কের ভক্ত হলেন অপূর্ব।
পুরো সিরিজ জুড়ে এএসপি গোলাম মামুন চরিত্রে অপূর্বর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। রোমান্টিক ইমেজের বাইরে এরকম ভারী একটি চরিত্র যথাযথভাবেই উপস্থাপন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মন্তব্য এমনটাই বলছে।
একজন দর্শক লিখেন, অসাধারণ পারফর্মেন্স।
অন্য একজন লিখেন, টেরিফিক লুক, সুপার ভয়েস ট্রান্সফরমেশন, মাইন্ডব্লোয়িং এক্সপ্রেশন।
আরেকজন লিখেন, সিরিজটা দেখলাম। এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল। পুরো সিরিজ জুড়ে অপূর্ব ভাইয়ের অভিনয় সত্যি অসাধারণ ছিল।
শনিবার রাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, মাত্র দুদিন হলো এটি রিলিজ হয়েছে। দর্শকদের ভালো রেসপন্সের আভাস পাচ্ছি। ক্রিটিকস ও আমার সহকর্মীদের কাছ থেকেও ভালো রেসপন্স পাচ্ছি। আলহামদুলিল্লাহ্।
সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ফিকশন হিসেবে পরিচালক তুলে ধরেছে। যদি ওনাকে (সালমান শাহ্) নিয়ে তৈরি হতো তাহলে ‘বেইজড অন অ্যা ট্রু স্টোরি’ (সত্য ঘটনা অবলম্বনে নির্মিত) উল্লেখ থাকতো। গল্পে কোথাও তা উল্লেখ নাই। তাই এটি শুধুই ফিকশন হিসেবে কাউন্ট করা উচিত।
তানিম রহমান অংশু পরিচালিত এ সিরিজটিতে অপূর্ব ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, সুমি, তানিয়া আহমেদ, তৌকির আহমেদ, তারিক আনাম খান, আইশা খান, মাসুম প্রমুখ।