রাসলীলার কিংবদন্তি শিল্পী কৃষ্ণকুমারী সিনহা আর নেই

প্রথম জীবনে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাসলীলার সূত্রধারী হিসেবে যুক্ত ছিলেন কৃষ্ণকুমারী সিনহা। পরবর্তীতে অজা চন্দ্রমোহন সিংহের কাছে তালিম নিয়ে নিজেই হয়ে ওঠেন রাসধারী বা রাসলীলার নির্দেশক। মহারাসলীলা-সহ অসংখ্য রাস তিনি পরিচালনা করেছেন।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

মণিপুরি রাসলীলার কিংবদন্তিতুল্য শিল্পী ও গুরু কৃষ্ণকুমারী সিনহা মারা গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ঝাপেরগাঁও গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

কৃষ্ণকুমারী সিনহা কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কয়েক মাস আগে খাট থেকে পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। মাধবপুর গ্রামের মণিপুরি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রথম জীবনে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাসলীলার সূত্রধারী হিসেবে যুক্ত ছিলেন কৃষ্ণকুমারী সিনহা। পরবর্তীতে অজা চন্দ্রমোহন সিংহের কাছে তালিম নিয়ে নিজেই হয়ে ওঠেন রাসধারী বা রাসলীলার নির্দেশক। মহারাসলীলা-সহ অসংখ্য রাস তিনি পরিচালনা করেছেন। একই সঙ্গে দীর্ঘদিন শিক্ষাদানের মাধ্যমে তৈরি করেছেন অসংখ্য শিল্পী ও কলাকুশলী।

মণিপুরি থিয়েটারের প্রতিষ্ঠালগ্ন থেকেই পরামর্শক, শিক্ষক ও নির্দেশক হিসেবে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ ও ভারতের মণিপুরি সমাজে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় শিল্পী।

তার মৃত্যুতে মণিপুরি থিয়েটার, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত