বাংলাদেশ স্বাধীনতা অর্জনের প্রায় এক দশক আগে থেকে এদেশে আধুনিকতাবাদী ভাস্কর্য চর্চার সূচনা ঘটে। উনিশশো ষাটের দশকের শুরুতে আধুনিক ভাস্কর্যের বিভিন্ন ধরনের সঙ্গে পূর্ববাংলাকে পরিচিত করেন ভাস্কর নভেরা আহমেদ। প্রাতিষ্ঠানিকভাবে ভাস্কর্যবিদ্যা শিক্ষা ও চর্চা ষাট দশকের প্রথমার্ধে (১৯৬৩ সালে) শুরু হয়। অতএব বলা যেতে পারে স্বাধীনতা লাভের এক দশক আগেই এদেশের আধুনিক ও সমকালীন ভাস্কর্যচর্চার পটভূমি রচিত হয়।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের ভাস্কর্যচর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। বাংলাদেশের মানুষের মনোজগতে উনিশশো একাত্তরের ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ একটি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। তাই স্বাধীনতার পরপরই এই যুদ্ধে জনমানুষের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণীয় করে রাখতে গণপ্রাঙ্গণ ভাস্কর্য নির্মাণের তাগিদ অনুভূত হয়। কেননা উন্মুক্ত প্রাঙ্গণে বিশালায়তন ভাস্কর্যের উপস্থিতি বোধের ক্ষেত্রে যে ধরনের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে তা অন্য কোনো শিল্পমাধ্যমে সম্ভব নয়।
একাত্তরে ঢাকার জয়দেবপুর (গাজীপুর) চৌরাস্তার যে স্থানে প্রথম প্রতিরোধযুদ্ধ সংগঠিত হয় সেই স্থানটিকে ‘জাগ্রত চৌরঙ্গী’ নামকরণ করা হয়। ১৯৭২ সালে সেখানে নির্মিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্মারক গণপ্রাঙ্গণ ভাস্কর্য ‘মুক্তিযোদ্ধা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুর রাজ্জাক তার বিভাগের শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে নিয়ে ভাস্কর্যটি নির্মাণ করেন। বেদিসহ ৪২ ফুট উচ্চতার সাদা সিমেন্ট-কংক্রিটে ঢালাই করে নির্মিত ভাস্কর্যটি একহাতে রাইফেল অন্যহাতে গ্রেনেড ধরা একজন মুক্তিযোদ্ধার বিমূর্ত অবয়ব। ভাস্কর্যটি নির্মাণ ও স্থাপনে উদ্যোগ, ব্যবস্থাপনা এবং পৃষ্ঠপোষকতায় গাজীপুর অঞ্চলের মুক্তিযোদ্ধারা সক্রিয় ভূমিকা রাখেন। গাজীপুরে প্রথম প্রতিরোধযুদ্ধ থেকে ৯ মাসের যুদ্ধে সমরাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেজর জেনারেল আমিন আহম্মেদ চৌধূরী। ভাস্কর্যটি নির্মাণ ব্যবস্থাপনায় তিনি ও তার বাহিনীর অফিসার ও সৈনিকরা অগ্রণী ভূমিকা রাখেন। এর কিছুদিন পর ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) কলাভবনের সামনে অপর একটি মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়। ভাস্কর অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ তার সহযোগী তরুণ শিল্পীদের নিয়ে ‘অপরাজেয় বাংলা’ নামে সুপরিচিত এই ভাস্কর্যটির নির্মাণকাজ আরম্ভ করেন। তবে জাগ্রত চৌরঙ্গীর ভাস্কর্যটির মতো ‘অপরাজেয় বাংলার’ নির্মাণ সহজে বা নির্বিঘ্নে সম্পন্ন হয়নি। নির্মাণ ব্যয় সংকুলান, প্রশাসনিক অসহযোগিতা এবং স্বাধীনতা পরবর্তীকালে ক্রমশ সংগঠিত হতে থাকা ধর্মীয়-সাম্প্রদায়িক গোষ্ঠীর বাধা মোকাবিলা করে ১৯৭৯ সালে ভাস্কর্যটির নির্মাণকাজ শেষ হয়। দুজন পুরুষ ও একজন নারী মুক্তিযোদ্ধা যাদের একজন নাগরিক তরুণ একজন গ্রাম্য যুবক ও অপরজন সেবিকা হিসেবে সামনে অগ্রসরমানÑ এমন তিনটি প্রতিনিধিত্বমূলক অবয়বের সমন্বয়ে আঠারো ফুট উচ্চতার এই ভাস্কর্যটি নির্মিত হয়। বাংলাদেশে পাবলিক স্কাল্পচার বা গণপ্রাঙ্গণ ভাস্কর্যের ক্ষেত্রে অপরাজেয় বাংলা ব্যাপক প্রভাব ফেলে। এটি নির্মিত হওয়ার পর একই ধারায় অনেকগুলো মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য নির্মিত হয়। তবে প্রাথমিকভাবে যেসব গণপ্রাঙ্গণ ভাস্কর্য নির্মিত হয় তার বেশির ভাগই বিশ্ববিদ্যালয় ও সেনানিবাসমূহে স্থাপিত হতে দেখা যায়।
সারা বিশ্বেই গণপ্রাঙ্গণ ভাস্কর্যসমূহ ভাস্কর্যের জনপ্রিয় ধারা হিসেবে বিবেচিত। কিন্তু প্রকৃত অর্থে ভাস্কর্যের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রটি ভিন্ন। ভাস্কর্যবিদ্যা শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ভাস্কররা তাদের নিজস্ব স্টুডিওতে যে নিরীক্ষামূলক অনুশীলন চালান তার মাধ্যমে মৌলিক ভাস্কর্যসমূহ সৃষ্টি হয়। বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তারা সেগুলো জনসম্মুখে উপস্থাপন করেন। এই ভাস্কর্যগুলোর মধ্য থেকে সংগ্রাহকরা নিজস্ব রুচি অনুযায়ী তাদের ব্যক্তিগত শিল্পসংগ্রহ সমৃদ্ধ করেন, রাষ্ট্রীয় অথবা বেসরকারি জাদুঘরসমূহও সংগ্রহ করে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যক্তি ভাস্করদের কমিশন করেন পাবলিক ভাস্কর্য নির্মাণের জন্য।
বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের ক্ষেত্রে এ-ধরনের মৌলিক ভাস্কর্যের চর্চার সংস্কৃতি শুরু হয় মুখ্যত স্বাধীনতার এক দশক আগে। তবে মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে তা’ নতুন করে প্রাণ পায়। ভাস্কর হামিদুজ্জামান খান ভারতের বরোদা বিশ্ববিদ্যালয় থেকে ভাস্কর্যে উচ্চতর পাঠ গ্রহণ শেষে দেশে ফিরে ‘একাত্তর স্মরণে’ শিরোনামে বেশ কিছু ভাস্কর্য নির্মাণ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা শেষে অলোক রায় সিরামিক মাধ্যমে রিলিফ ও মুক্ত ভাস্কর্য নির্মাণ শুরু করেন। পাশাপাশি দেশে শিক্ষিত ভাস্কররাও নানা ধরনের নিরীক্ষা শুরু করেন। চিত্রকলাসহ অন্যান্য মাধ্যমের বেশ কিছু শিল্পী ভাস্কর্যচর্চায় আগ্রহী হয়ে ওঠেন। ফলে ১৯৭৬ সালে প্রথম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ও ১৯৮৩ সালে দ্বিতীয় জাতীয় ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভাস্কর্যের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ক্রমাগত নবীন শিল্পশিক্ষার্থীদের আগ্রহ বাড়তে থাকে। বিশ শতকের আশির দশকে ভাস্কর্য শিল্পীদের অনেকেই অন্যান্য দেশ থেকে ভাস্কর্যে উচ্চতর পাঠ গ্রহণ করতে শুরু করেন। জাতীয় ও এশীয় প্রদর্শনীগুলোতে প্রদর্শিত ভাস্কর্যের সংখ্যা বৃদ্ধি পায়। নব্বই দশকে এসে আমরা ভাস্করদের একক ও যৌথ প্রদর্শনীর সংখ্যা বৃদ্ধি পেতে দেখি।
তবে একথা অনস্বীকার্য যে, ভাস্কর্যকে সাংস্কৃতিকভাবে গ্রহণ করার সামাজিক প্রস্তুতি, ভাস্কর্যের আধুনিক নিরীক্ষাপ্রবণতার সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হয়নি। ফলে একবিংশ শতাব্দীতে এসে যখন ভাস্কর্যের ক্ষেত্রে উচ্চতর শিক্ষা বিস্তৃতি পাচ্ছে এবং দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় অর্ধশতাধিক ভাস্কর শিক্ষা সম্পন্ন করে বের হচ্ছেন তখনো ভাস্কর্যচর্চা সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত পেশায় পরিণত হয়নি। ছয় দশকের বেশি সময় ধরে এদেশের প্রতিভাধর নবীন-প্রবীণ ভাস্করদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাস্কর্যের জন্য বহু সম্মান বয়ে আনলেও তার সামাজিক-সাংস্কৃতিক গুরুত্ব তেমনভাবে প্রচারিত হয়নি। বরং সৌন্দর্যবর্ধন ও বিভিন্ন স্মারক ভাস্কর্য নির্মাণের নামে অস্বচ্ছ প্রক্রিয়ায়, ঠিকাদারি পদ্ধতিতে মানহীন নির্মাণ ভাস্কর্য সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা বিস্তারে ভূমিকা রেখেছে।
স্বাধীনতার অর্ধশতাব্দীর প্রাক্কালে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে তখন অন্য সব ক্ষেত্রের মতো ভাস্কর্যের প্রকৃত মানসম্পন্ন বিকাশ ও বিস্তারও প্রত্যাশিত। সেজন্য শুধু উচ্চতর শিক্ষাকেন্দ্রগুলোতে ভাস্কর্যশিক্ষা অব্যাহত রাখলেই চলবে না বরং প্রতিভাবান নবীন-প্রবীণ ভাস্কররা যাতে দেশে-বিদেশে নিজেদের সৃজনকর্ম নির্বিঘেœ অব্যাহত রাখতে পারেন তার প্রকৃতি পরিবেশ সৃষ্টি করতে হবে। গত শতকের সত্তর দশকে শুরু হয়ে অনিয়মিত হয়ে পড়া জাতীয় ভাস্কর্য প্রদর্শনীটিকে গুরুত্বের সঙ্গে নিয়মিত কার্যক্রমে পরিণত করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত জাতীয় প্রদর্শনীর সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রদর্শনীর মানকে উন্নত করতে হবে। দেশের পাবলিক ও প্রাইভেট গ্যালারিগুলোকে ভাস্কর্য প্রদর্শনী আয়োজনে আরও আগ্রহ নিয়ে এগিয়ে আসতে হবে। জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিকে মানসম্পন্ন ভাস্কর্য সংগ্রহ করা ও নিয়মিত প্রদর্শনের কর্মসূচি নিতে হবে। গণপ্রাঙ্গণে ভাস্কর্য নির্মাণে ঠিকাদারি পদ্ধতি বিলোপ করতে হবে। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ও প্রকৃত ভাস্করদের মানসম্পন্ন কাজ স্বয়ং ভাস্করের তত্ত্বাবধানে নির্মাণ করতে হবে। নগর কর্তৃপক্ষগুলো জাতীয়ভিত্তিক ‘ভাস্কর্য সিম্পোজিয়ামের’ মাধ্যমে মানসম্পন্ন ভাস্কর্য বাছাই ও নির্মাণের মাধ্যমে পার্ক, আইল্যান্ডগুলোকে উন্নত দেশগুলোর মতো নান্দনিকভাবে সমৃদ্ধ করে তুলতে পারেন। নগরের বাইরের পর্যটন কেন্দ্রগুলোকে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে আরও দৃষ্টিনন্দন করে তুলতে ভাস্কর্য উদ্যান নির্মাণ একটি শক্তিশালী উদ্যোগ হতে পারে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মারক স্থানগুলোও ভাস্কর্য উদ্যান নির্মাণের মাধ্যমে আরও সমৃদ্ধ করে তোলা সম্ভব। এসব উদ্যোগ গৃহীত হলে দেশের প্রতিভাবান ভাস্কররা যেমন তাদের শিল্পচর্চায় উৎসাহিত হবেন তেমনি সামাজিক-সাংস্কৃতিক উৎকর্ষেও শিল্পমাধ্যম হিসেবে ভাস্কর্যের শক্তিশালী ভূমিকা নিশ্চিত হবে।