সংকটাপন্ন সাত শ্রমিক, ক্ষতিগ্রস্ত ৪০০ বাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে হতাহত কাউকে উদ্ধারের খোঁজ পাওয়া যায়নি। এদিকে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আহত ১৮ জনের মধ্যে ৭ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম। সাতজনের মধ্যে মো. মাসুদ ও প্রভাষ নামে দুই শ্রমিককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গুরুতর আহত অন্য পাঁচজন হলেন মো. আরাফাত আলম, জাহিদ হাসান, মো. ওসমান, মো. মজিবুর রহমান ও ফ্যান্সি।

আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় আগুন নির্বাপণের পরও আগ্রাবাদ ও কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছিল। এখন আর দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও কারণ তদন্তসাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা।

হাসপাতালের চিত্র: গতকাল রবিবার দুপুরে চমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, আহতরা বিভিন্ন ওয়ার্ডের বেডে ব্যথায় কাতরাচ্ছেন। বিস্ফোরণে কারও থেঁতলে গেছে পা, কারও উড়ে গেছে হাত, কেউ পেয়েছেন মাথায় আঘাত। আবার কেউ অগ্নিদগ্ধ হয়ে কাতরাচ্ছেন বার্ন ইউনিটের বিছানায়। তাদের সুস্থ করে তুলতে নির্ঘুম রাত কাটাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান দেশ রূপান্তরকে জানান, বিস্ফোরণে আহত ২১ জনকে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন গতকালই মারা গেছেন। বাকি ১৮ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহতদের কাতরাতে দেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। ক্যাজুয়ালিটি বিভাগে কথা হয় আহত শ্রমিক মো. ফোরকানের সঙ্গে। তার হাত ও আঙুলে ব্যান্ডেজ। তিনি জানান, শনিবার বিকেলে কারখানায় কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের পর তার আর কিছু মনে নেই। চমেক হাসপাতালের বিছানায় জ্ঞান ফেরার পর দেখেন তার বাম হাতের দুই আঙুল উড়ে গেছে। পাশের বেডে কাতরাচ্ছেন মাসুদ। তার ডান পা উড়ে গেছে। কথা বলতে পারছিলেন না তিনি।

সীমা অক্সিজেন প্ল্যান্টের সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন মো. জাহেদ। তার চিকিৎসা চলছিল চমেকের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে। জাহেদ দেশ রূপান্তরকে জানান, শনিবার বিকেলে কারখানায় কাজ করছিলেন তিনি। হঠাৎ বিকট বিস্ফোরণের পর আর কিছু মনে নেই তার। গতকাল রাত ৮টার দিকে হাসপাতালে তার জ্ঞান ফেরে। তার পুরো শরীরে ব্যান্ডেজ। চিকিৎসকরা জানান, জাহেদের অবস্থা আশঙ্কাজনক নয়। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে।

২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সীমা অক্সিজেন প্ল্যান্টের অপারেটর রিপন। তিনি বলেন, ‘বিস্ফোরণের বিকট শব্দে কানে কিছু শুনতে পাচ্ছি না। বুক, কোমর ও হাঁটুতেও আঘাত পেয়েছি।’

চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত ১৮ জনের মধ্যে ক্যাজুয়ালিটি বিভাগে ৭ জন, অর্থোপেডিক্স বিভাগে ২ জন, নিউরো সার্জারি বিভাগে ৬ জন ও চক্ষু বিভাগে ৩ জন। আহত অন্য শ্রমিকরা হলেন মো. নূর হোসেন (৩০), মোতালেব (৫২), জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান (৩৫) ও শাহরিয়ার (২৬)।

গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে গেলে এমন বীভৎসতার চিত্র দেখা মেলে। বিস্ফোরণে মুখম-ল থেঁতলে গেছে আকতারের। তার সারা শরীরে ঢুকেছে কাচ ও লোহার টুকরা। ডান চোখ নষ্ট হয়ে গেছে চিরতরে। দুই চোখ ও থুতনি ব্যান্ডেজে মোড়ানো। মুখমন্ডলে রক্তের দাগ। বাম চোখে অস্ত্রোপচার করা হয়েছে গতকাল বিকেলে। চিকিৎসকরা বলেছেনÑডান চোখ দিয়ে পৃথিবীর আলো আর দেখবেন না আকতার। এমন খবরে কান্নায় ভেঙে পড়েছেন তার ছোটভাই আজাদ হোসেন। চোখের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ভাইকে কাতরাতে দেখে নিজেকে আর সামলাতে পারছেন না আজাদ। তার দুচোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। স্বামীর শয্যার পাশে দাঁড়িয়ে আকতারের স্ত্রীও শাড়ির আঁচল দিয়ে বারবার চোখ মুছছেন।

চমেকের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক তনুজা তানজিন জানিয়েছেন, বিস্ফোরণে আজাদসহ তিনজনের একটি করে চোখ নষ্ট হয়ে গেছে। তাদের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাদের চোখে কাচ ঢুকে নার্ভ কেটে গেছে। তবে তিনজনের চোখে অস্ত্রোপচার হয়েছে। চোখ ক্ষতিগ্রস্ত হওয়া বাকি দুজন হলেন নাহিন শাহরিয়ার ও সোলায়মান। এর মধ্যে নাহিন ও আকতার সীমা অক্সিজেন প্ল্যান্টের শ্রমিক। সোলোয়মান ট্রাক শ্রমিক।

ক্ষতিগ্রস্ত অন্তত ৪০০ ঘরবাড়ি: গতকালের বিস্ফোরণে কারও ঘরের চাল উড়ে গেছে, কারও ভেঙেছে জানালার কাচ। আবার কারও বাড়ির সীমানাপ্রাচীর ফেটে গেছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ, ছোট ছোট লোহার টুকরো। দেখে মনে হবে, এ যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। বিস্ফোরণের পর আশপাশে তিন কিলোমিটার এলাকা জুড়ে এমন ক্ষয়ক্ষতিই যুদ্ধবিধ্বস্ত এলাকার চেয়ে কোনো অংশে কম নয়।

বিএম ডিপোর ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই ৯ মাসের মাথায় সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড নামের একটি প্ল্যান্টে ঘটে গেল আরেকটি ভয়াবহ বিস্ফোরণ।

সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা আজ (গতকাল) সকাল থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকা ঘুরে দেখেছি। সবমিলিয়ে প্রায় চারশ ঘর ও অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তখন ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আপনারা আরও সুস্পষ্টভাবে জানতে পারবেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি।’

সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, আমি অসুস্থ তাই ঘটনার সঙ্গে সঙ্গে আসতে পারিনি। আমাদের কাছে ফায়ার সার্ভিস, বিস্ফোরক পরিদপ্তরসহ সব সংস্থার ছাড়পত্র আছে। তবে কীভাব এ ঘটনা ঘটেছে তা আমি নিজেও বুঝতে পারছি না। বিস্ফোরণে আমাদের প্রতিষ্ঠানের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেব। আর যেসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কার করে দেওয়া হবে।

শনিবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সঙ্গে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়। প্রথম দিনের উদ্ধার অভিযান শেষে হতাহতের সংখ্যা বেড়ে ৩০ জনের কথা জানা যায়। এর মধ্যে আহত ২৪ জন এবং নিহত ৬ জন।

এদিকে, বিস্ফোরণের কারণ জানতে জেলা প্রশাসনের সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহত শ্রমিকদের দুই মন্ত্রণালয় থেকে ২ লাখ ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।