রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে এনজিও কর্মী নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মোহাম্মদ এনাম (৩০) নামের এক ঋণ গ্রাহকের ছুরিকাঘাতে বেসরকারি সংস্থা পদক্ষেপের এক নারী কর্মকর্তা খুন হয়েছেন। গত রবিবার (৫ মার্চ) রাতে উপজেলার লালানগর ইউনিয়নে ওয়ান ব্যাংকের নিকটে সড়কের পাশে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম চম্পা চাকমা (২৯)। তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ধামাইরহাটস্থ হোসনাবাদ শাখার সহকারী ব্যবস্থাপক (ঋণ শাখা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার শান্তিময় চাকমার মেয়ে।

ঘাতক এনাম রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পারুয়া গ্রামের মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে। খুনের ঘটনার পর থেকেই ঘাতক এনাম পলাতক রয়েছে।

জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার সময় লালানগর ওয়ান ব্যাংক শাখার পাশে অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে এক সহকর্মীসহ চম্পা চাকমা রাস্তায় আসে । এ সময় এনাম আগে থেকে অবস্থান করছিল। অফিস থেকে রাস্তায় আসার সাথে সাথে ঋণের বিষয়ে তার সাথে কথা কাটাকাটি শুরু করে এনাম। এক পর্যায়ে পিছন থেকে ছুরি বের করে চম্পার গলায় আঘাত করে পালিয়ে যায়।

পরে চম্পাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে শ্বাসনালী কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার ধারণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, বোনের নামে পদক্ষেপ থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে এনাম কিস্তিতে পরিশোধের কার্যক্রম চালিয়ে আসছিল। গত ২৮ ফেব্রুয়ারি ঋণের একটি কিস্তি যথা সময়ে দিতে না পারায় চাপের মুখে ছিল সে। এর জের ধরে ক্ষুব্ধ এনাম এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।

ঘটনা প্রত্যক্ষদর্শী চম্পার সহকর্মী পদক্ষেপের কমিউনিটি ম্যানেজার সপ্তর্ষী চাকমা বলেন, আমরা অফিস থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এ সময় এনাম ঋণের বিষয়ে বাক বিতণ্ডা করতে থাকেন। এক পর্যায়ে চম্পার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরতে পারেনি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানা হেফজতে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনায় ব্যবহৃত ছুরি পুলিশ উদ্ধার করেছে।