মঞ্চে এ আর রহমানের ছেলে, ক্রেনসহ ভেঙে পড়ল ঝাড়বাতি

মঞ্চে গান করছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের ছেলে। কিন্তু হঠাৎ করে ক্রেনসহ ভেঙে পড়ে তিনটি ঝুলন্ত ঝাড়বাতি। ভাগ্যের জোরে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান এ আর আমিন। প্রাণে বেঁচে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। সোশালে নিজেই জানিয়েছেন এ কথা।

আমিন লেখেন, ‘তিন দিন আগে একটি দুর্ঘটনার সাক্ষী হই আমি। তবে এখন ভাল আছি। তাই সৃষ্টিকর্তা, মা-বাবা-শুভানুধ্যায়ীদের কাছে আমি কৃতজ্ঞ।’

তিনি আরও লেখেন, ‘মঞ্চের মাঝে দাঁড়িয়ে একটি গানের শ্যুটিং করছি, এমন সময় ক্রেনসহ ঝুলন্ত তিনটি ঝাড়বাতি ভেঙে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একটু এদিক-ওদিক হলে হয়তো সব কিছু অন্য রকম হত। এই গোটা ঘটনার আকস্মিকতা থেকে এখনো বের হতে পারিনি আমি।’

এ আর রহমানের তিন সন্তান। আমিন ছাড়াও খাতিজা এবং রাহিমা নামে দুই মেয়ে রয়েছে তার। পেশায় সঙ্গীতশিল্পী আমিন। ২০১৫ সালে তামিল সিনেমা ‘ও কাদাল কানমনি’র মাধ্যমে প্লেব্যাকের জগতে আত্মপ্রকাশ। তারপর বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। ‘দিল বেচারা’ সিনেমায় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কণ্ঠে ‘নেভার সে গুডবাই’ গানটি আমিনের গাওয়া।