শেষ দিনের বিনিময় হারে টাকা রপ্তানিকারকদের

পণ্য রপ্তানির চার মাস বা ১২০ দিনের মধ্যে রপ্তানি আয় দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। রপ্তানি আয় দেশে আনার সর্বশেষ ধার্য দিনে ডলারের যে বিনিময় হার থাকবে; সেই দর অনুযায়ী নগদায়ন করে উদ্যোক্তাদের সমপরিমাণ টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, রপ্তানি আয় দেশে আনার নির্দিষ্ট সময়ের পরও কেউ যদি বিলম্ব করে, তাহলে যে সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে আসার কথা ছিল; ওই সময়ের শেষ দিনে ডলারের বিনিময় হার অনুযায়ী নগদায়ন হবে; অর্থাৎ টাকার মান যদি বৃদ্ধি বা কমে যায়, তাহলেও ওই দিনের বিনিময় হার অনুযায়ী নগদায়ন করবে বাণিজ্যিক ব্যাংক। সে ক্ষেত্রে প্রতিটি ব্যাংককে রপ্তানি আয় দেশে আসার সর্বশেষ তারিখ ও নগদায়নের তারিখে থাকা ডলারের বিনিময় দর একটি লেজার বইয়ে লিপিবদ্ধ করে রাখবে। মাস শেষে পরবর্তী ১০ দিনের মধ্যে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বিনিময় দরে মন্দজনিত পরিস্থিতিতে এ রকম নির্দেশনা মেনে চলতে হবে।