স্বাস্থ্য খাতে সাংবাদিকতা দীর্ঘদিনের। খুব কাছ থেকে দেখেছি এই খাতের ভেতর বাহির। অসংখ্য রিপোর্ট করেছি সংবাদপত্রে। কথা বলেছি টেলিভিশনে, বিভিন্ন পর্যায়ের সভা বৈঠকে। তারপরও প্রায় এক বছর ধরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলাম এই খাতের ভালো-মন্দ থেকে। প্রচ- এক কষ্টবোধ। কষ্টটি যেমন আমার ব্যক্তিগত, আমার পরিবারের, সর্বোপরি রাষ্ট্রের। সে কথায় আসি একটু পরে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর এক বক্তব্যে নিজের মধ্যে এক ধরনের ঘুরে দাঁড়ানোর তাগিদ অনুভব করলাম। প্রসঙ্গটি দেশের চিকিৎসকদের দায়িত্ববোধের। অন্য সব পেশার মতোই এই পেশায়ও যেমন ভালো মানুষ আছেন, তেমনি খারাপ মানুষও আছেন। ভালোরা জান-পরান দিয়ে মহান ব্রত মেনে মানুষের জীবন বাঁচিয়ে তোলেন। চিকিৎসক সমাজের মুখ উজ্জ্বল করেন। খারাপরা তাদের অনৈতিক ও বিবেকবর্জিত আচরণে নিজেদের পেশার পাশাপাশি সেই উজ্জ্বল নিবেদিত প্রাণ মানুষগুলোর সুনামকেও কলঙ্কিত করে তোলেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সূত্র মতে, গত ২ মার্চ সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘এনএসটি ফেলোশিপ’ ও ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘ডাক্তারদের একটি মহল এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসাচর্চা ও গবেষণা বাদ দিয়ে সরকারি চাকরি অথবা রাজনীতিতে চলে যান। আর এক শ্রেণি আছেন, তারা শুধু টাকা কামাতেই ব্যস্ত। একই সঙ্গে সরকারি চাকরি এবং প্রাইভেটে প্র্যাকটিসও করেন।’
কথাগুলো নতুন কিছু নয়। সাধারণ মানুষ এগুলো অনেক আগে থেকেই জানে ভুক্তভোগী হিসেবেই। বিশেষ করে টাকা কামাইয়ে ব্যস্ততার ব্যাপারটি হাড়ে হাড়ে টের পান ভুক্তভোগী রোগীরা। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করলেও একশ্রেণির চিকিৎসক কর্মস্থলের চেয়ে প্রাইভেট চেম্বারেই বেশি আন্তরিক। সেখানেও তারা রোগীর সেবা দিয়ে আয় করেন। তাতে বাধা নেই। আইনে নতুন কিছু না আসা পর্যন্ত বাংলাদেশের চিকিৎসকরা চাকরি আর প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী যে ‘কামাই’ এর কথা বলেছেন প্রশ্নটা সেখানেই। মানে যেন তেন ভাবে কামাই। গণমাধ্যমে এগুলো নিয়মিতই আসে। এমনকি প্রধানমন্ত্রী আগেও প্রকারান্তরে চিকিৎসকদের সম্পর্কে এমন মনোভাব প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রীও মাঝেমধ্যে বলেন।
প্রধানমন্ত্রীর এবারের কথা বেশ সুস্পষ্ট ও জোরালো। চিকিৎসকদের মধ্যে এর প্রতিক্রিয়া কী তা এখনো সমষ্টিগতভাবে প্রকাশ পায়নি। ব্যক্তিগতভাবে কেউ কেউ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশিরভাগই ইতিবাচক। তবে আমি নিশ্চিত সমষ্টিগতভাবে প্রধানমন্ত্রীর এই মনোভাবকে ভালোভাবে দেখছেন না চিকিৎসকরা। ভেতরে ভেতরে জ্বলছেন দল-মত নির্বিশেষে। রাজনৈতিক প্রশ্নে যার যার অবস্থান বজায় রাখেন সবাই। একে অন্যের সমালোচনা করেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের জায়গায়ও সমালোচনা আরও তীব্র। কেবল নিজেদের আয় উপার্জনের নৈতিক অনৈতিক বিষয় নিয়ে কোনো পর্যায়ে থেকে আলোচনা উঠলেই নাখোশ। ভিন্ন ভিন্ন প্লাটফর্মে থেকেও কথা বলেন একসুরে।
আমি বরাবরই বলে আসছি দেশের চিকিৎসা সেবায় অনৈতিক বাণিজ্যের মূলে একশ্রেণির চিকিৎসক। যাদের প্রশ্রয় দেয় চিকিৎসকদের সংগঠনগুলো ও নেতারা। অবশ্যই সবার কথা বলছি না। সবাইকে সমান পাল্লায় ফেলছি না।
প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বেশির ভাগের মালিকানা, ব্যবস্থাপনা কিংবা পরিচালনা চিকিৎসকদের হাতে। প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও তাই। এটা যে খারাপ তা বলছি না। বরং ভালো। এই ভালো কিছুই খারাপ হয়ে যায় যখন সেবা খাতের এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অন্য খাতের মতো বা তার চেয়েও বেশি মুনাফা আয়ে নেমে পড়ে। আর বহুলপ্রচলিত কমিশন বাণিজ্য তো নানা ফরম্যাটে আছেই। কয়েক বছর আগে আমি নিজেই একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছি। যার বিষয়বস্তু ছিল চিকিৎসকদের ‘দশহাতে’ কমিশন আদায়। অবস্থার এখনো পরিবর্তন হয়নি। এখনো আছে প্রয়োজনের অতিরিক্ত টেস্ট করানো, অপ্রয়োজনীয় ওষুধ লেখার অভিযোগ। প্রয়োজনের বেশি সময়ে হাসপাতালে রেখে বিল বাড়ানোর অভিযোগও আছে। এসব দেখভালের জন্য সরকারি কর্র্তৃপক্ষ আছে। তারাও দেখে না দেখার ভান করেন। তারাও এক রকম জিম্মি। মালিক সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী। এই শ্রেণির মানুষেরা আগে চিকিৎসক না আগে ব্যবসায়ী সেই প্রশ্ন আসতেই পারে।
মনে থাকার কথা, করোনার প্রথমদিকে রিজেন্ট হাসপাতাল আর জিকেজি গ্রুপ ধরা খাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরালো হয়েছিল। লাইসেন্সবিহীন বা বছরের পর বছর নবায়ন না করা এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়গুলো খতিয়ে দেখা শুরু হয়েছিল। গুলশানের শাহাবুদ্দিন হাসপাতালে অভিযানের পর তা আর এগোতে পারেনি। অভিযান বন্ধ না হলে সব হাসপাতালে ধর্মঘট ডাকার হুমকি দেয় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। যার নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক নেতা। আর শাহাবুদ্দিন হাসপাতালের মালিক ছিলেন বিএনপির নেতা। তবুও হুমকির মুখে অভিযান বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় যারা অভিযান চালায় তাদের প্রশ্নবিদ্ধ করা হয় নানা অজুহাতে।
স্বাস্থ্য অধিদপ্তরের চেয়ারগুলোতে থাকা দায়িত্বশীল কর্মকর্তারা সবাই কি দুর্নীতিবাজ! মোটেই না। অনেকেই আছেন চেষ্টা করেন নীতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে। শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তারা পারেন না। একটু এগিয়ে গেলেই থমকে যেতে হয়। ঘনিষ্ঠ কোনো কোনো কর্মকর্তা ব্যক্তিগত আলাপে মাঝেমধ্যে আক্ষেপ করেন। যন্ত্রণার কথা বলেন। তাদের কথার সারমর্মে পরিষ্কার কোনো না কোনো চিকিৎসক নেতার কারণেই তারা থেমে যান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ও মাঝে মধ্যে নড়েচড়ে উঠতে চাইলেও পারে না। কারণ তারাও ভয় পায় চিকিৎসক কমিউনিটিকে। রয়েছে ক্যাডারভিত্তিক সমস্যা। প্রকল্প, বদলি, নিয়োগ, পদোন্নতি, কেনাকাটা সামাল দিতেই হিমশিম অবস্থা তাদের। প্রায় এক যুগ হতে চলছে তারা এখন পর্যন্ত রোগী সুরক্ষা কিংবা বেসরকারি চিকিৎসা সেবা বিষয়ক আইনটিকে আলোর মুখ দেখাতে পারেননি। এর আড়ালেও নাকি ওই চিকিৎসকদের হাত আছে। ওই আইনে রোগীর সুরক্ষা আর চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষার ভারসাম্য নিয়ে প্রশ্ন আছে। প্রস্তাবিত ওই আইনের খসড়ায়ও রোগীর চেয়ে চিকিৎসক আর চিকিৎসা বাণিজ্য প্রতিষ্ঠানের স্বার্থ বেশি। অর্থাৎ চিকিৎসকদের ‘কামাই’-এর পথ সুরক্ষিত রাখার যথাসাধ্য চেষ্টা হয়েছে। এমনকি আইনের হাত যেন তাদের জন্য অন্যদের তুলনায় ছোট রাখা হয় প্রকারান্তরে সেই ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মনোভাব ওই আইনে প্রতিফলিত হবে নাকি উল্টো ঘটবে সেটাও দেখার সুযোগ আছে।
চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা বিএমএ এখন সরকারি দল আওয়ামী লীগের সমর্থিত চিকিৎসকদের নেতৃত্বে চলছে। বিএনপির সময়ে ছিল বিএনপি সমর্থিত চিকিৎসকদের হাতে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পরে আওয়ামী লীগের সমর্থিত চিকিৎসকদের অবস্থা এখন জোঁকের মুখে চুন পড়লে যেমনটা হয় তেমন। আর বিএনপি বা অন্যান্য দলের সমর্থিত চিকিৎসকরা কী করেন তা দেখার অপেক্ষা করতে হবে। চিকিৎসকদের সংগঠনগুলো কি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইতিবাচক ভাবে নিয়ে আত্মশুদ্ধির পথে হাঁটবে নাকি উল্টো কোনো পথ ধরবে সেটাই দেখার বিষয়।
এবার আসি শুরুর কথায়। কষ্টের কথায়। গত বছর ৪ ফেব্রুয়ারি আমার বড় ভাই মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তিনি ছিলেন বিচারপতি। হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগে পেয়েছিলেন আপিল বিভাগে। মারা যান আইসিইউতে। আগে ১৩ দিন ছিলেন কেবিনে। তার জন্য ৬ জন বিশেষজ্ঞ অধ্যাপককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এক মাস আগে তিনি করোনায় আক্রান্ত হলেও ওই হাসপাতালের ভর্তির আগেই তিনি করোনামুক্ত হন। ওই হাসপাতালের একাধিকবার টেস্ট রিপোর্টেও নেগেটিভ এসেছে। তবু ওই ১৩ দিনে বোর্ডের কোনো সদস্য কিংবা কোনো অধ্যাপক পর্যায়ের চিকিৎসক রোগীকে একটিবার দেখতে যাননি। উপাচার্য তাদের পাঠাতে ব্যর্থ হয়েছেন। আমি নিজেও কারও কারও কাছে গিয়েছি বারে বারে। তারা আসেননি। সময় করতে পারেননি। কেউ কেউ অজুহাত দিয়েছেন পরীক্ষার হলে ব্যস্ত থাকার। কেউ ছিলেন মিটিংয়ে। দুপুরের পর সবাই ছুটেছেন যার যার প্রাইভেট চেম্বারে। তাদের মতো বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসকদের আসলেই সময় কই হাসপাতালে ভর্তি রোগীকে দেখতে যাওয়ার! সে দায়িত্ব না হয় সামাল দিক শুধুই অপেক্ষাকৃত জুনিয়র চিকিৎসকরা!
পরে কেউ কেউ বলার চেষ্টা করেছেন বোর্ডে নাম থাকলেই রোগীর কাছে যেতে হবে এমন কোনো কথা নেই। যদি তাই হয় তবে বিশেষজ্ঞদের সমন্বয়ে অযথা বোর্ড করার মানে কী? তবে আমি শঙ্কিত হই যখন আমার সামনেই ওই হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন- এই বিচারপতিই তো চিকিৎসকদের ধর্মঘটকে অনৈতিক বলে রুল দিয়েছিলেন! যদিও তাকে আর পরে জিজ্ঞেস করার সুযোগ পাইনি, রোগীদের জিম্মি করে ধর্মঘট না করতে বলার কারণেই কি সিনিয়র কোনো চিকিৎসক একজন রোগীর কাছে যাবেন না! আর কী কারণ থাকতে পারে এক ভবন থেকে আরেক ভবনে গিয়ে একজন রোগীকে দেখতে না পারার! এই একজন রোগী, একজন বিচারপতি কি শুধু আমার ভাই! তিনি তো রাষ্ট্রেরও একজন গুরুত্বপূর্ণ মানব সম্পদ ছিলেন। এই কষ্ট তো রাষ্ট্রেরও।
যদিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির আগে বেশ কিছুদিন একটি প্রাইভেট হাসপাতালে ছিলেন আমার ভাই বিচারপতি এফ আর এম নাজমুল আহসান মিজান। তখন প্রায় প্রতিদিন সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখেছেন সশরীরে। যিনি ওই বোর্ডের সদস্যদের চেয়েও বয়সে এবং পদে অনেক সিনিয়র। এমনকি রোগী তখন করোনায় আক্রান্ত ছিলেন। এই চিকিৎসকের প্রতি অপরিসীম শ্রদ্ধা। শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও। তিনি অনেক দেরিতে হলেও চিকিৎসকদের জন্য গুরুতর কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন। তবে শুধু কথায় নয়, এর বাস্তব প্রতিফলন ঘটাতে পারলে মানুষের বিশাল উপকার হবে। চিকিৎসা ক্ষেত্রে রোগীদের হয়রানি কমবে, আস্থা বাড়বে। মানুষের চিকিৎসা ব্যয় কমবে। চিকিৎসকদের সম্মান মর্যাদা অক্ষুণœ থাকবে। এক কথায় চিকিৎসাপ্রার্থী লাখো কোটি মানুষের স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে প্রধানমন্ত্রীর ওই সত্যভাষণ।
লেখক: সাংবাদিক
toufiqmaruf@yahoo.com