বিএনপির নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে : কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একের পর এক এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপি’র সংশ্লিষ্টতা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের যৌথ সভা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন। খবর বাসস।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কি না, বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথার প্রয়োজন নেই।’

‘সারা দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম যে বিবৃতি দিয়েছেন, তার বক্তব্যের সঙ্গে একমত যে এ ঘটনাগুলো রহস্যজনক। এটি খতিয়ে দেখতে হবে।’

তিনি বলেন, ‘গুলিস্তানের সিদ্দিকবাজার ও চট্টগ্রামে সীতাকুন্ডে বিস্ফোরণ এবং কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে যে অগ্নিসংযোগের ঘটনা, এতে যারা মারা গেছে, তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এসব রহস্যজনক ঘটনার পেছনের কোনো ব্যক্তি, সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে কি না, তা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা খতিয়ে দেখছেন।’

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।