শিক্ষক-শিক্ষার্থীসহ সড়কে গেল ১১ প্রাণ

সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার ও তার আগের দিন মঙ্গলবার দেশের বিভিন্নস্থানে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক ও দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজশাহীতে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে দুইজনের। মুন্সীগঞ্জে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী কিশোর। দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেছে স্নাতকের এক শিক্ষার্থীর। রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁয়ে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও তিনজন।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কাশিয়ানীতে বাসের চাপায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মাদ্রাসা শিক্ষক এমএ হাসিব (৫০), কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এমএ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম মারাত্মক আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে রাজশাহীর কাটাখালীতে চার্জার ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও যাত্রী রিনা বেগম (৫০)। এদের মধ্যে রিনা বেগম বাঘার আড়ানী গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক দিয়ে যাত্রীবাহী চার্জার ভ্যান যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশা মহাসড়কে ওঠার সময় মুখোমুখি ধাক্কা লাগে। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর জখম হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার চিরিরবন্দর উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর এলাকায় আত্রাই নদীর ব্রিজের সামনে এই ঘটনা ঘটে। নিহত প্রীতি রানী (২২) দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে।

দশমাইল হাইওয়ে থানার এএসআই মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক রায়হান শেখ (১৫) নিহত হয়েছে। এ সময় আরোহী হৃদয় হোসেন (১৮) আহত হয়। গতকাল সকাল ৬টার দিকে জেলার শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপেসওয়ের সার্ভিস লেনে এ দুঘর্টনা ঘটে। নিহত ও আহত দুজনেরই বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।

এসব দুর্ঘটনা ছাড়াও ঠাকুরগাঁয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নয়ন চৌধুরী নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে পীরগঞ্জ উপজেলার তেতুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন সদর উপজেলার মোহাম্মাদপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। মৌলভীবাজারের রাজানগরে নিহত হয়েছেন সাহেদ আহমেদ নামের আরেক মোটরসাইকেল আরোহী।

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত : রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। গতকাল বুধবার সকাল পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার এসআই ফারজানা আক্তার জানান, সকালে রায়েরবাগ হাশেম রোডে রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় কেউ সনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।