গোপালগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন- এমন দাবি পরিবারের। গতকাল বুধবার (০৮ মার্চ) রাত ৮টার দিকে পাইককান্দি ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের কলেজছাত্রী নাবিলা আফরিন (১৮) নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি গোপালগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

ছাত্রীর মামা জামাল শেখ বলেন, নাবিলা আফরিন ঘোড়াদাইড় গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তার সঙ্গে কেকানিয়া গ্রামের রফিক তালুকদারের ছেলে ইস্রাফিল তালুকদারের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি নাবিলা তাকে বিয়ের প্রস্তাব দিলে ইস্রাফিল বিয়ে করতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে গলায় ফাঁস নেয় নাবিলা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।