বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ হবে ‘ইনভেস্টমেন্ট হাব’। বিশে^র বড় বড় বিনিয়োগকারীকে সামনে তুলে ধরা হবে সুযোগ ও সক্ষমতার চিত্র। এ ক্ষেত্রে প্রাধান্য পাবে দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগের তথ্য। বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো বাংলাদেশ বিজনেস সামিট আয়োজন করছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
১১ থেকে ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হবে। আগামীকাল শনিবার সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্তমান বোর্ড এ সামিট আয়োজন করছে।
গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের বোর্ডরুমে বাংলাদেশ বিজনেস সামিটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন জানান, সামিটে অংশগ্রহণ করতে দেশি-বিদেশিসহ ৭৫৫ জন আবেদন করেছেন। এর মধ্যে বিদেশিদের রেজিস্ট্রেশনের সংখ্যা ২০০। সৌদি আরব ও যুক্তরাজ্যসহ আটটি দেশের মন্ত্রীরা প্রতিনিধিদল নিয়ে সামিটে আসছে। তিনি জানান, দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলের সব সুযোগ-সুবিধা সামিটে তুলে ধরা হবে। সামিটে ১৫টি ব্যবসায়ী সংগঠন এবং ১৫টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। তারা তাদের সেক্টরের ব্যবসায়িক বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে একটি ফ্ল্যাগশিপ বিজনেস ইভেন্ট হিসেবে কাজ করবে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’। যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির শক্তি ও সামর্থ্য, বাজার সম্ভাবনা এবং উদীয়মান খাতগুলোকে তুলে ধরা হবে আন্তর্জাতিক পর্যায়ে।
জসিম উদ্দিন বলেন, ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এবার সামিটের যাত্রা শুরু হলো। আগামীতে বোর্ড প্রতি দুই বছর পরপর কিংবা সম্ভব হলে প্রতি বছর সামিটের আয়োজন অব্যাহত রাখবে বলে আমাদের প্রত্যাশা। দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনীতি এবং সম্ভাবনাময় শিল্পগুলোকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরা বাংলাদেশ বিজনেস সামিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সামিটে স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন ১০ ব্যক্তিকে ১০টি ক্যাটাগরিতে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশে উৎপাদিত সেরা পণ্যগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে সামিটের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো ২০২৩’।