ভ্রাম্যমাণ আদালত দেখে কমে গেছে চিনির দাম

শেরপুরে কৃষি বিপণন কার্যালয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ মোবাইল কোর্টে চিনির দাম কমে গেল কেজিতে তিন টাকা। আসন্ন রমজান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন দোকানপাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে বিক্রেতারা চিনির দাম কমিয়ে দেন।

কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোরশেদের নেতৃত্বে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শহরের তেরাবাজার মুরগিহাটির একটি দোকানে ও শহরের একটি ফলের দোকানে খুচরা মূল্য তালিকা এবং ক্রয় রসিদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নয়ানী বাজারের ব্যবসায়ীরা চিনি তিন টাকা করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তাৎক্ষণিক ১১৫ টাকা কেজির স্থলে ১১২ টাকা নির্ধারণ করেন ব্যবসায়ীরা।