ফায়ার সার্ভিস ও ৯ ব্যক্তির স্বাধীনতা পুরস্কার জয়

সমাজসেবা-জনসেবায় অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ছাড়াও ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক তথ্য বিবরণীতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।

তথ্য বিবরণীতে বলা হয়, সমাজসেবা-জনসেবায় অবদান রাখায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। এ ছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

অন্যদিকে সাহিত্যে প্রয়াত ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়াক্ষেত্রে এএসএম রকিবুল হাসান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গবেষণা ও প্রশিক্ষণ শ্রেণিতে এ পুরস্কার পাবেন বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।

স্বাধীনতা পুরস্কার সরকারের দেওয়া সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের আগেই এ পদক ঘোষণা করা হয়। এ পুরস্কার জাতীয় জীবনে সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠীকে দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানকেও এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি ১৮ ক্যারেট স্বর্ণনির্মিত ৫০ গ্রাম ওজনবিশিষ্ট পদক, একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র এবং সম্মাননাসূচক নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ দেওয়া হয়। প্রাথমিকভাবে দেওয়া অর্থের পরিমাণ ২০ হাজার ছিল। ২০১৩ সাল থেকে ২ লাখ টাকা করে দেওয়া হতো। পরবর্তী সময়ে ২০১৭ সালে ৩ লাখ এবং সবশেষ ২০১৯ সালের নভেম্বর মাসে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়।