রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণ থেকে লোকালয়ের মানুষকে রক্ষায় সোলার ফেন্সিং প্যানেল (এক প্রকার বৈদ্যুতিক তারের বেড়া) উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্কে এই প্যানেল উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এ সময় মন্ত্রী কাপ্তাই ন্যাশনাল পার্ক এলাকায় বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে। বনে খাবার না পেয়ে হাতি লোকালয়ে আসছে। তাদের আবাসস্থলকে আমাদের নিরাপদ রাখতে হবে। বনের মধ্যে হাতির খাবার তৈরি করতে হবে। হাতি যে খাবারগুলো খায় সেই সব গাছ রোপণ করতে হবে। তিনি বন এলাকায় বসবাসকারীদের অনুরোধ জানিয়ে বলেন, হাতির সঙ্গে আপনারা দ্বন্দ্বে জড়াবেন না। আপনাদের যে ক্ষতি হবে আমরা তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব।