সাংবাদিকদের তথ্যমন্ত্রী

ওয়াশিংটন পোস্টের ‘বিজ্ঞাপনে’ ইউনূসের ব্যক্তিত্ব খর্ব হয়েছে

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বিভিন্ন দেশের ৪০ জন বিশিষ্ট ব্যক্তির নামে ছাপা হওয়া বক্তব্যটিকে ‘বিজ্ঞাপন’ হিসেবে দেখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এটিকে বিবৃতি বলা যাবে না, এটি একটি বিজ্ঞাপন। ওয়াশিংটন পোস্টে প্রায় কোটি টাকা খরচ করে ৪০ জনের নামে একটি বিজ্ঞাপন ছাপানো হয়েছে। বিজ্ঞাপন আর বিবৃতির মধ্যে পার্থক্য আছে।’

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রায় এক পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন আকারে ছাপা হওয়া এক ‘খোলা চিঠিতে’ ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে বলা হয়েছে, তিনি সরকারের ‘অন্যায় আচরণের শিকার’।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ড. ইউনূস বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিক। তার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, এভাবে বিজ্ঞাপন দিয়ে বিবৃতি আমি বাংলাদেশে দেখিনি। বিশ্ব অঙ্গনেও এরকম হয় কি না জানি না। এরকম বিবৃতি কেনা বা বিজ্ঞাপন দিয়ে বিবৃতি, সেটাকে আবার কোটি টাকা খরচ করে প্রকাশ করা কতটুকু যুক্তিযুক্ত, সেটিই হচ্ছে প্রশ্ন। যেভাবেই হোক ইউনূস সাহেব নোবেলজয়ী। তার পক্ষে এরকম একটা বিবৃতি বিজ্ঞাপন দিয়ে ছাপানো এটি তার ব্যক্তিত্বকেই খর্ব করেছে। আমার প্রশ্ন তার এত টাকা কোথা থেকে আসে?’

মন্ত্রী এ মতবিনিময়ে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফ্রিডম হাউজ প্রকাশিত ‘বিশ্ব গণতন্ত্র চর্চা সূচকে’ বাংলাদেশের অগ্রগতির প্রসঙ্গ টেনে বলেন, বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউজ গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশ গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে, তার মানে বাংলাদেশে গণতন্ত্র চর্চা অব্যাহত আছে। মতপ্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সব ক্ষেত্রেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতি হয়েছে।

ড. হাছান আরও বলেন, ‘বিএনপি নেতারা প্রতিদিন টেলিভিশনের পর্দায় সকাল-বিকেল-সন্ধ্যা কথা বলে, সরকারের বিরুদ্ধে নানা ধরনের অহেতুক সমালোচনা করে বলেন আমাদের কথা বলার অধিকার নেই। সেটি যে অসার মিথ্যা, তা ফ্রিডম হাউজের প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র চর্চা অব্যাহতভাবে সুসংগত রয়েছে। এটি আরও হতো যদি বিএনপি সঠিকভাবে গণতন্ত্র চর্চা করত।’

‘বিএনপির তো অভ্যন্তরীণ গণতন্ত্রই নেই’ এ মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের সর্বশেষ সম্মেলন কখন হয়েছে সেটা তারা নিজেরাও বলতে পারে না। এক কলমের খোঁচায় বিএনপিতে নেতা হয়, আবার এক কলমের খোঁচায় বাদ যায়। তারা যদি গণতন্ত্র চর্চা করত, দেশে সার্বিকভাবে গণতন্ত্র চর্চায় আরও সহায়ক ভূমিকা রাখত, তাহলে গণতন্ত্র সূচকে বাংলাদেশ আরও অনেকধাপ এগিয়ে থাকত।’

বিএনপি মহাসচিবের ‘সরকারের রশি ধরে টান দেওয়ার সময় এসেছে’ এমন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা তো রশি ধরে টান দিয়েছিল ১০ ডিসেম্বর। সরকারকে রশি ধরে টান দিতে গিয়ে সেই রশি ছিঁড়ে পড়ে গিয়ে তাদেরই কোমরটা ভেঙে গেছে। এখন আবার টান দিতে গেলে তাদের কোমর আরও ভেঙে যাবে।’